চীনের উইঘুর মুসলিম-অধ্যুষিত শিনজিয়াং অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে সোমবারের গাড়ি দুর্ঘটনাকে পুলিশ ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দেওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হলো। ওই সন্ত্রাসী হামলায় শিনজিয়াং অঞ্চলের তিনজন অধিবাসী জড়িত বলে অভিযোগ উঠেছে।
তিয়েনআনমেনের এ ঘটনার পর সরকারের ‘দমনাভিযান’ আতঙ্কে ভুগছেন মুসলিম উইঘুর সম্প্রদায়ের লোকজন। তাঁরা ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
শিনজিয়াং অঞ্চলের পাশাপাশি রাজধানী বেইজিংয়ের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। শিনজিয়াং প্রাদেশিক সরকারের মুখপাত্র হউ হানমিন নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা পাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
শিনজিয়াংয়ের রাজধানী উরুমকির উত্তরাঞ্চলের দায়িত্ব পালনকারী একজন পুলিশ কর্মকর্তা জানান, ওই অঞ্চলে লেভেল ১ মাত্রার (সর্বোচ্চ পর্যায়ের) নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিয়েনআনমেন স্কয়ারের ‘সন্ত্রাসী হামলার’ পর পরই এ ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি জানান, স্বাভাবিক সময়ে ওই অঞ্চলে লেভেল ২ ও ৩ মাত্রার নিরাপত্তাব্যবস্থা বজায় থাকে।
শিনজিয়াংয়ের উইঘুর মুসলিম জাতিগোষ্ঠীর নেতাদের অভিযোগ, বেইজিংয়ের শাসনে তাঁরা ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে নিষ্পেষিত হচ্ছেন। এ কারণেই সহিংসতার ঘটনা বাড়ছে। তবে তিয়েনআনমেনের ঘটনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তাঁরা। এদিকে বেইজিংয়ের দাবি, উইঘুর সম্প্রদায় ব্যাপক স্বাধীনতা ভোগ করছে।
তিয়েনআনমেন স্কয়ারের ঘটনাকে চীনে প্রথম বড় ধরনের আত্মঘাতী হামলা হিসেবে ধরা হচ্ছে। গত সোমবার শিনজিয়াংয়ের তিন অধিবাসী তিয়েনআনমেন স্কয়ারে পথচারীদের ভিড়ে গাড়ি চালিয়ে দেন। ওই ঘটনায় গাড়িতে থাকা তিন ব্যক্তি এবং দুই পর্যটক নিহত হন। আহত হন অন্তত ৩৮ জন। তিয়েনআনমেনে ওই ঘটনার পরপর ১০ ঘণ্টার অভিযানে বিভিন্ন স্থান থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ। পুলিশের তথ্যমতে, তাঁরা সবাই শিনজিয়াং অঞ্চলের বাসিন্দা। বিবিসি ও রয়টার্স।