উইলিয়াম ও কেটের বিয়ে মাত্র সাত বছর টিকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে মাত্র সাত বছর টিকবে। চার্চ অব ইংল্যান্ডের এক যাজক এ ভবিষ্যদ্বাণী করেছেন। গতকাল রোববার ডেইলি মেইল-এর এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর চার্লস নয় উইলিয়ামকেই রাজা হিসেবে দেখতে চান ব্রিটেনের অধিকাংশ নাগরিক। গতকাল প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য মিলেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে চার্লস বলেন, তিনি রাজা হলে তাঁর স্ত্রী ক্যামিলা রানি হতে পারেন। তাঁর ওই মন্তব্যের পর এ জরিপ চালানো হয়।ডেইলি মেইল-এর খবরে বলা হয়েছে, যাজক পিট ব্রডবেন্ট তাঁর ফেসবুক পেজে উইলিয়াম ও কেটের প্রেমের সম্পর্ককে ‘অগভীর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তাঁদের বিয়ে মাত্র সাত বছর টিকবে। এর আগে ১৯৮১ সালে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ে ও এর বিয়োগান্ত পরিণতির ইঙ্গিত করে পিট বলেন, ব্রিটিশ রাজপরিবারে যত প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, তার সবগুলোই বেশ হালকা। এসব সম্পর্কে কোনো গভীরতা নেই। প্রসঙ্গত, ক্যামিলা পার্কারের সঙ্গে চার্লসের প্রেমের সম্পর্কের জেরে চার্লস-ডায়ানা দম্পতি ১৯৯৬ সালের ২৮ আগস্ট বিয়ে বিচ্ছেদ ঘটান।তবে ব্রিটিশ এমপি ও চার্চের সদস্যরা পিটের এই ভবিষ্যদ্বাণীর সমালোচনা করেছেন। এ ধরনের লেখাকে তাঁরা ‘নিষ্ঠুর ও অশ্রদ্ধাপূর্ণ’ মন্তব্য করে এর নিন্দা জানিয়েছেন। লন্ডনের বিশপ ও প্রিন্স চার্লসের ঘনিষ্ঠ বন্ধু রিচার্ড চারট্রেস এ ধরনের ভবিষ্যদ্বাণীতে হতাশা ব্যক্ত করেছেন।একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, বাগদানের পর এবার বিয়ের দিনক্ষণ স্থির করছেন উইলিয়াম ও কেট। তাঁরা মোটামুটি স্থির করেছেন, বিয়ে হবে আগামী বছরের এপ্রিলের শেষ দিকে কোনো এক সাপ্তাহিক ছুটির দিনে। এ সপ্তাহেই তাঁদের বিয়ের তারিখ রাজপ্রাসাদ কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।এদিকে, রাজতন্ত্রের নিয়ম অনুযায়ী রানি দ্বিতীয় এলিজাবেথের (৮৪) পর প্রিন্স চার্লসের রাজা ও তাঁর স্ত্রী ক্যামিলা রানি হওয়ার কথা। কিন্তু ব্রিটেনের সিংহভাগ নাগরিক এই দম্পতিকে রাজা ও রানি দেখতে চান না। সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারকেই তাঁদের বেশি পছন্দ। তাঁরা চান প্রয়াত প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ও চার্লসের বড় ছেলে উইলিয়ামই পরবর্তী রাজা হোন। এবং তাঁর স্ত্রী কেটের মাথায় শোভা পাক রানির মুকুট। দ্য নিউজ অব ওয়ার্ল্ড নামের একটি ট্যাবলয়েডে গতকাল প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই হাজার ১৫ জনের ওপর ওই জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া নাগরিকদের ৫৫ শতাংশই উইলিয়ামকে রাজা হিসেবে দেখতে চান। ৬৪ ভাগ মনে করেন, চার্লস ও ক্যামিলার চেয়ে বরং উইলিয়াম-কেট দম্পতিই রাজতন্ত্রের মুখ আরও উজ্জ্বল করবেন।গত শনিবার ডেইলি মেইল-এ প্রকাশিত অপর একটি জরিপ প্রতিবেদনে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ নাগরিক মনে করেন, চার্লসের উচিত উইলিয়ামের জন্য নিজের জায়গা ছেড়ে দেওয়া। উইলিয়ামকেই রাজা হওয়ার সুযোগ করে দেওয়া। এএফপি ও ডেইলি মেইল অনলাইন।