উইলিয়াম ও কেটের বিয়েতে ১৯০০ জনকে নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে এক হাজার ৯০০ অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছে। অতিথিদের তালিকায় বিদেশি রাজপরিবার, ঘনিষ্ঠজন, বন্ধু, কূটনীতিক ও বিশ্বের নেতারা রয়েছেন। গতকাল রোববার সেন্ট জেমস প্যালেস সূত্রে এ তথ্য জানা গেছে।রানি দ্বিতীয় এলিজাবেথের নামে বিয়ের আমন্ত্রণপত্র অতিথিদের কাছে পাঠানো হচ্ছে। আমন্ত্রণপত্রের রং করা হয়েছে হালকা বাদামি। গত বুধ ও বৃহস্পতিবার বিদেশি অতিথিদের এ আমন্ত্রণপত্র পাঠানো হয়। পরে দেশের ভেতরে অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়। এখন পর্যন্ত অতিথিদের নাম জানা যায়নি। তবে ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে খবর বেরিয়েছে।বিয়ের অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপ সামনের সারিতে থাকবেন। সঙ্গে থাকবেন প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ও ভাই প্রিন্স হ্যারি। সামনের সারিতে আরও থাকবেন কেট মিডলটনের বাবা মাইকেল মিডলটন, মা ক্যারল মিডলটন, বোন পিপ্পা ও ভাই জেমস।সেন্ট জেমস প্যালেস সূত্র জানায়, উইলিয়াম ও মিডলটনের পরিবার এবং বন্ধুদের মধ্য থেকে এক হাজারেরও বেশি অতিথি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। এঁদের অধিকাংশই উইলিয়াম ও মিডলটনের সেন্ট অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়ের বন্ধু। এখানেই উইলিয়াম ও মিডলটনের দেখা হয়।জানা গেছে, আমন্ত্রিত অতিথিদের মধ্যে সবাইকে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। রাতের ভোজেও খুব কমসংখ্যক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাকিংহাম প্যালেসে নাচের পর রাতের ভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রানির আয়োজনে মধ্যাহ্নভোজে ৬০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর রাতের ভোজের অতিথির সংখ্যা ৩০০ জনের মতো। প্রিন্স উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস রাতের ভোজের আয়োজন করেছেন।বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের ৫০ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সেই তালিকায় ডাচেস অব ইয়র্ক সারাহ ফার্গুসনের নাম নেই। বিদেশি বিভিন্ন রাজপরিবার থেকে ৪০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।প্রিন্স উইলিয়ামের কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান থেকে ৮০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন। আমন্ত্রণ জানানো হয়েছে ২০০ জন পার্লামেন্ট সদস্য ও কূটনীতিককে। এ ছাড়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী মিলে ৬০ জন এবং ব্রিটিশ সামরিক বাহিনীর ৩০ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাও আমন্ত্রণ পেয়েছেন। এএফপি, বিবিসি।