উইলিয়াম-কেটের বিয়েতে কোনো ‘বাজেট’ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে হবে রাজকীয়। জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠান হবে ব্রিটেনের নাগরিকদের জন্য এক অবিস্মরণীয় ঘটনা, যা সবার অনুভূতিতে নাড়া দেবে। তবে এই বিয়ের খরচ জোগাতে সরকারের কোনো বাজেট থাকছে না। সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আগামী ২৯ এপ্রিল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আয়োজন করা হবে এ সময়ের সবচেয়ে আলোচিত উইলিয়াম ও কেটের বিয়ের এই অনুষ্ঠান। ব্রিটিশ করদাতাদের কাছ থেকে ওই বিয়ের খরচ মেটানো হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে ক্যামেরন বলেন, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করাসহ আনুষঙ্গিক বিষয়ে সরকার অবদান রাখবে। বাকি অংশের ব্যয়নির্বাহ করবে রাজপরিবার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস, উইলিয়াম ও কেট হবে চমৎকার দম্পতি। সবচেয়ে বড় কথা হলো, তারা পরস্পরকে গভীরভাবে ভালোবাসে। প্রেম থেকে পরিণয়। এতে আমাদের খুশি হওয়াই তো উচিত।’বাবা প্রিন্স চার্লসের পর ব্রিটেনের রাজসিংহাসনের দ্বিতীয় দাবিদার উইলিয়াম। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় কেটের সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর দুজন বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠেন। দুজনেরই বয়স ২৯ বছর। গত নভেম্বরে এই জুটির বাগদান অনুষ্ঠান হয়।প্রিন্স চার্লস ও ডায়ানার বিয়ের পর তাঁদের ছেলে উইলিয়াম ও কেটের এই বিয়ের অনুষ্ঠান সারা বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক দর্শক উপভোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এ সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, এটা হবে একটা বড় ধরনের সাফল্য। বিশ্ববাসী ব্রিটেনের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের সৌভাগ্য যে, আমরা এমন একটি রাজপরিবার পেয়েছি।’উইলিয়ামের ভূয়সী প্রশংসা করে ডেভিড ক্যামেরন বলেন, ‘আমি সম্প্রতি তার সঙ্গে কিছুটা সময় কাটিয়েছি। উইলিয়াম বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী এক অসামান্য যুবা পুরুষ, সুসমন্বিত।’ক্যামেরন বলেন, ‘আমার স্থির বিশ্বাস, স্বামী হিসেবেও উইলিয়াম হবে দারুণ। একদিন সে হবে অসাধারণ এক রাজা।’ দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইন।