উইলিয়াম বড়দিন উদ্যাপন করবেন শ্বশুরবাড়িতে
এবার আর রাজপ্রাসাদে নয়, বড়দিনের উৎসব শ্বশুরবাড়িতেই উদ্যাপন করবেন প্রিন্স উইলিয়াম। অন্তঃসত্ত্বা স্ত্রী কেট মিডলটন তাঁর সঙ্গেই থাকবেন। পরিকল্পনা রয়েছে, তাঁরা ঘটা করেই এই দিন উদ্যাপন করবেন। ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন।ওই মুখপাত্র বলেন, বড়দিনে ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ বার্কশায়ারের বাকলবারিতে কেটের বাবার বাড়িতে কাটাবেন। বড়দিন উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে সেখানে। পারিবারিকভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেট অন্তঃসত্ত্বা হওয়ার আগেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এতে রানি দ্বিতীয় এলিজাবেথ সম্মতি দিয়েছেন। তবে প্রিন্স উইলিয়াম ও কেট রানির স্যানড্রিংহাম এস্টেটেও যাবেন। সেখানে কিছুটা সময় কাটাবেন তাঁরা। গত বছরের বড়দিনে রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে এই দম্পতি সেখানে ছিলেন। চলতি মাসের শুরুর দিকে ক্যাথরিন তিন দিন হাসপাতালে ছিলেন। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিবিসি।