কেনিয়ার মতো সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে উগান্ডার পুলিশ। এর আগে স্থানীয় মার্কিন দূতাবাস সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছিল। পুলিশের এক বার্তায় বলা হয়, ‘কাম্পালায় শিগগিরই কেনিয়ার আদলে সন্ত্রাসী হামলা হতে পারে।’ গত মাসে কেনিয়ার রাজধানী নাইরোবি শহরের ওয়েস্টগেট বিপণিকেন্দ্রে জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় অন্তত ৬৭ জন প্রাণ হারায়। এদিকে কেনিয়া সরকার বলছে, ওয়েস্টগেটের হামলায় জড়িত এক ২৩ বছর বয়সী তরুণের পরিচয় মিলেছে। হাসান আবদি ধুহুলো নামের ওই তরুণ সোমালীয় বংশোদ্ভূত নরওয়ের নাগরিক। এএফপি।
থাকবেন না মুনরো
স্টকহোমে আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না এ বছর সাহিত্যে নোবেল বিজয়ী এলিস মুনরো। গতকাল শুক্রবার সুইডিশ একাডেমির স্থায়ী সচিব পিটার ইংল্যান্ড এ তথ্য জানিয়েছেন। পিটার ইংল্যান্ড তাঁর ব্লগে লিখেছেন, এলিস মুনরোর স্বাস্থ্য ভালো না থাকায় তিনি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। এএফপি।