উগান্ডায় ভূমিধস, তিন শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা
আফ্রিকার দেশ উগান্ডায় প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মঙ্গলবার রাতে বুদুদা অঞ্চলের পার্বত্য এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের কারণে ওই এলাকার একটি গ্রামের ব্যাপক ক্ষতি হয়।উগান্ডার রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা। রেডক্রসের মুখপাত্র ক্যাথেরি এনটাবাডে বলেন, গতকাল বুধবার দুপুর পর্যন্ত ৮০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৪০০ জনের বেশি নিখোঁজ রয়েছে। গ্রামের একটি বাণিজ্যিক কেন্দ্রে ১০০ জন মাটিচাপা পড়েছে। রেডক্রসের কর্মীরা জানান, এলাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং বন্যা দেখা দিয়েছে। তাঁরা কাদা সরিয়ে লোকদের বের করেছেন। উদ্ধারকাজ চলছে।স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভূমিধসে প্রায় পুরো গ্রাম মাটিচাপা পড়েছে। দোকানপাট ও বাড়িঘর মাটির নিচে চাপা পড়ায় অনেকে সেখানে আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা হাতে ব্যবহার করা যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন। ভূমিধসের কারণে গ্রামটিতে যান্ত্রিক খননযন্ত্র নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।উগান্ডার ত্রাণ, দুর্যোগ-প্রস্তুতি ও উদ্বাস্তুবিষয়কমন্ত্রী তারসিস কাবওয়েগিয়েরে গতকাল আইনসভায় বলেন, পূর্বাঞ্চলীয় বুদুদা জেলার তিনটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। কয়েক দিন মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এ ভূমিধস হয়।জাতীয় রেডক্রসের মহাসচিব মাইকেল নাতাকা বলেন, সাধারণত বর্ষাকালে উগান্ডায় প্রচণ্ড বৃষ্টি হয়। এতে সৃষ্ট বন্যায় ওই অঞ্চলের এলগন পর্বতের কাছের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে ওই গ্রামগুলো থেকে তাত্ক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিধসকবলিত এলাকায় উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনী পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রেডক্রস।মন্ত্রী কাবওয়েগিয়েরে বলেছেন, দুর্যোগকবলিত এলাকায় ইতিমধ্যে ত্রাণ পাঠানো শুরু হয়েছে। একটি হেলিকপ্টারে উদ্ধারকর্মীদেরও সেখানে পাঠানো হয়েছে।স্থানীয় পৌর কর্মকর্তা উইলসন ওয়াতিলা বলেন, ‘বুদুদা অঞ্চলে ভূমিধসে অনেক মানুষ মাটিচাপা পড়েছে। পুরো এলাকা বিপজ্জনক অবস্থায় রয়েছে। আমরা লোকজনকে দ্রুত এলাকা ছেড়ে যেতে বলেছি।’ দুর্যোগ প্রস্তুতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুসা একওয়েরু ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের জানান, তিনি নিজেই ৫৮টি মৃতদেহ দেখেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।ভূমিধসের কবল থেকে বেঁচে যাওয়া একজন জানান, ভূমিধস যখন আঘাত হানে, তিনি তখন গির্জায় ছিলেন। হঠাত্ করেই গির্জাটি ধসে পড়ে। পুরো এলাকা কাদায় ঢেকে যায়। পাশেই পাঁচজন মাটিচাপা পড়ে। তিনি বেঁচে গেছেন। কারণ, দেহ কাদাচাপা পড়লেও তাঁর মাথা কাদার বাইরে ছিল।অক্টোবরে উগান্ডা কর্তৃপক্ষ একটি এল নিনো সতর্কবার্তা জারি করে। এতে বলা হয়, দেশে ২০১০ সালের মার্চ পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিবিসি, এএফপি।