উগ্র ডানপন্থীদের সঙ্গে চুক্তি নয়: সারকোজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী ইউএমপি পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ঘোষণা দিয়েছেন, তিনি উগ্র ডানপন্থীদের সঙ্গে কোনো প্রকার চুক্তি করবেন না। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী বামপন্থী প্রার্থী ফ্রাসোঁয়া ওলাঁদ গতকাল বুধবার বলেছেন, ক্ষমতায় গেলে তিনি বিদেশিদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা গত রোববার অনুষ্ঠিত হয়। এতে ২৮ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী ওলাঁদ। আর সারকোজি পান ২৭ দশমিক ১৮ শতাংশ ভোট। এ ছাড়া উগ্র ডানপন্থী বলে পরিচিত ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী মারিন লি পেন পেয়েছেন প্রায় ১৮ শতাংশ ভোট।তবে কোনো প্রার্থীই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৬ মে দ্বিতীয় দফা নির্বাচন (রান অফ) অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী ওলাঁদ ও সারকোজি ওই নির্বাচনে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবেন। উভয় প্রার্থীই এখন ওই দ্বিতীয় দফা নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তাঁরা প্রথম দফায় উগ্র ডানপন্থী মারিন লি পেনের ঝুলিতে পড়া ৬০ লাখ ভোটারকে নিজেদের পক্ষে আনার যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সারকোজি ন্যাশনাল ফ্রন্টকে উগ্রবাদী আখ্যায়িত করাও উচিত নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘লি পেনকে ভোট দেওয়া ১৮ শতাংশ লোককে নিয়ে আমাদের কথা বলা উচিত। আমি এই ১৮ শতাংশকে কোনোমতেই উগ্র ডানপন্থী মনে করি না। এটা ভুল ধারণা।’তবে সারকোজি এটাও বলেন, তিনি ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে কোনো চুক্তি করবেন না। তিনি বলেন, ‘ন্যাশনাল ফ্রন্টকে ভোট দেওয়া ১৮ শতাংশ ভোটার আমার নয়। তবে তাঁদের জন্য কিছু বলা আমার দায়িত্ব। ওলাঁদ যেটা উপলব্ধি করতে পারেননি, সেটা হচ্ছে আমাদের সবার জন্য কথা বলা উচিত। তবে ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে কোনো চুক্তি হবে না। তাঁদের কোনো মন্ত্রিত্ব দেওয়া হবে না।’অন্যদিকে ফ্রাসোঁয়া ওলাঁদ গতকাল টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, জয়ী হলে তিনি আগামী বছর একটি সংস্কার-প্রক্রিয়া হাতে নেবেন, যাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাইরের যেসব বিদেশি ফ্রান্সে বসবাস করছেন, তাঁরা আগামী ২০১৪ সালের স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেন।উল্লেখ্য, ইইউভুক্ত দেশের নাগরিকেরা ইতিমধ্যে ফ্রান্সের স্থানীয় নির্বাচনে ভোটাধিকার রয়েছে। ওলাঁদ বিদেশিদের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করলেও প্রতিদ্বন্দ্বী সারকোজি ইইউভুক্ত দেশের বাইরের কাউকে ভোটাধিকার দেওয়ার কট্টর বিরোধী। এ ছাড়া দেশে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনারও ঘোষণা দিয়েছেন সারকোজি। এএফপি।