উগ্রপন্থার ঝুঁকিতে পূর্ব লন্ডনে মুসলিম স্কুলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বেসরকারি ছয়টি স্কুল ইসলামিক ‘উগ্রপন্থা’র ঝুঁকিতে রয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। আজ শুক্রবার যুক্তরাজ্যের স্কুলগুলোর নিয়ন্ত্রক সংস্থা অফস্টেড এ প্রতিবেদন প্রকাশ করে।
উগ্রপন্থার ঝুঁকিতে থাকা স্কুলগুলো হলো মাজাহিরুল উলুম স্কুল, জামিয়াতুল উম্মা, ইব্রাহিম একাডেমি, আল মিজান একাডেমি, দি লন্ডন ইস্ট একাডেমি ও স্যার জনকাস ফাউন্ডেশন। এসব স্কুলের শিক্ষার্থীদের বেশির ভাগই বাংলাদেশি বংশোদ্ভূত। স্যার জনকাস ফাউন্ডেশন ছাড়া বাকি স্কুলগুলো বাংলাদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত। আল মিজান একাডেমি এবং দি লন্ডন ইস্ট একাডেমি ইস্ট লন্ডন মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছয়টি স্কুলে ইসলামিক শিক্ষার ওপর অতিমাত্রায় জোর দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা গণতন্ত্র, ব্রিটিশ মূল্যবোধ, সংস্কৃতি, ব্যক্তিস্বাধীনতার মতো জরুরি বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা পাচ্ছে না।
দেশটির শিক্ষাবিষয়ক সচিব নিকি মর্গান বলেছেন, স্কুলগুলোতে আধুনিক ব্রিটেনের সমাজব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা অনুপস্থিত। পরিস্থিতির উন্নতির জন্য বেঁধে দেওয়া নিয়ম মানতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে।
কিছুদিন আগে বার্মিংহামের কয়েকটি স্কুল নিয়ে অভিযোগ ওঠে যে, ইসলামিক উগ্রপন্থীরা স্কুলগুলো সুকৌশলে দখল করে শরিয়া আইনের বাস্তবায়ন করছে। তারা স্কুলের পরিচালনা বোর্ড এবং শিক্ষক পদে নিজেদের লোক নিয়োগ দিয়ে এমনটি করার চেষ্টা করেছে। ওই ঘটনায় অনুসন্ধান চালিয়ে সরকার স্কুলগুলোতে হস্তক্ষেপ করে। এরপর পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের কয়েকটি স্কুল নিয়েও একই সন্দেহ দেখা দেয়। যার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের শিক্ষাবিষয়ক সচিব নিকি মর্গান জরুরি ভিত্তিতে স্কুলগুলোতে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, স্কুলগুলোতে শিক্ষার্থীদের শারীরিক এবং শিক্ষাগত কল্যাণের বিষয়টি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বেশির ভাগ শিক্ষার্থী জানে না যুক্তরাজ্যের আইন এবং শরিয়া আইনের মধ্যে পার্থক্য কী? তারা মনে করে, নারীরা শুধু ঘরে থাকবে এবং পরিবারের সবার জন্য রান্না-বান্না করবে। ব্রিটিশ নারীদের পোশাক নিয়েও রয়েছে বিরূপ ধারণা। সংগীত, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ বিষয়ে এদের প্রয়োজনীয় শিক্ষার ঘাটতি রয়েছে। অন্য কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনকে পাপ মনে করে এসব শিক্ষার্থী।
প্রতিবেদনে আরও বলা হয়, ধর্মীয় শিক্ষার ওপর অতিমাত্রায় গুরুত্ব এবং সামাজিক ও আধুনিক শিক্ষার ঘাটতির কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী উগ্রবাদ কিংবা চরমপন্থায় জড়ানোর মারাত্মক ঝুঁকিতে রয়েছে।