উগ্রবাদ দমননীতি পুনর্মূল্যায়নের আহ্বান রুশনারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশনারা আলী
রুশনারা আলী

যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলামি উগ্রবাদ দমনে সরকারি নীতির কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এমপি। একই সঙ্গে ওই নীতি পুনর্মূল্যায়নেরও দাবি করেছেন তিনি।
নিজের নির্বাচনী এলাকা বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এক স্কুলছাত্রী সিরিয়ায় নিহত হয়েছে—এমন খবর প্রকাশিত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার বিবিসি রেডিওকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই দাবি তোলেন রুশনারা।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির তিন ছাত্রী জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে গত বছরের ফেব্রুয়ারি মাসে সিরিয়ায় পাড়ি দেয়। তাদের মধ্যে খাদিজা সুলতানা ও শামীমা বেগম বাংলাদেশি বংশোদ্ভূত। আমিরা আবাসি ইথিওপীয়।
গত বৃহস্পতিবার পারিবারিক আইনজীবী তাসনিম আকুঞ্জি বিবিসির একটি অনুষ্ঠানে জানান, কয়েক সপ্তাহ আগে বোমা হামলায় খাদিজা নিহত হয়েছে বলে পরিবার জানতে পেরেছে।
ওই আইনজীবীর ভাষ্য, খাদিজা আইএস ছেড়ে পালাতে চেয়েছিল। কিন্তু সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটি রাক্কায় তার মৃত্যু হয়।

তাসনিম আকুঞ্জি বলেন, সিরিয়ার সংঘাতপূর্ণ জটিল পরিস্থিতির কারণে খাদিজার নিহত হওয়ার তথ্যটি নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তিন কিশোরীর সিরিয়ায় পাড়ি দেওয়ার ঘটনায় যুক্তরাজ্যে উগ্রবাদ দমনে নিয়োজিত পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নানা বিতর্ক ওঠে।

এবার রুশনারা সরকারের উগ্রবাদ দমননীতি নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি নতুন করে আলোচনায় এল।

বিরোধী দল লেবার পার্টির এমপি রুশনারা বলেন, এই নীতির যথাযথ পুনর্মূল্যায়ন প্রয়োজন। সরকারকেই প্রতিষ্ঠা করতে হবে—কোনটি কাজ করছে, আর কোনটি কাজ করছে না।

রুশনারার উদ্বেগের জবাবে দেশটির নিরাপত্তা-বিষয়ক প্রতিমন্ত্রী বেন ওয়ালেস বিবিসিকে বলেছেন, ২০০৭ সালে তৎকালীন লেবার সরকার উগ্রবাদ দমন প্রকল্প চালু করে। এরপর থেকে নিয়মিতভাবে নীতিগুলো পর্যালোচনা হয়ে আসছে।

যুক্তরাজ্য সরকারের সন্ত্রাস দমন কৌশল-বিষয়ক সবশেষ প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৮৫০ জন ব্রিটিশ নাগরিক সিরিয়ায় পাড়ি দিয়েছে। এর মধ্যে অন্তত ১২৫ জন বিমান হামলা বা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। ৪০০ জনের মতো যুক্তরাজ্যে ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে।