উচ্চতা বিড়ম্বনায় কিশোরী
চৌদ্দ বছর বয়সী ব্রাজিলিয়ান কিশোরী ইলিসানি সিলভা। ছোটকাল থেকেই বয়সের তুলনায় শারীরিক গঠন একটু দ্রুতই হচ্ছিল। ছোট্ট সিলভার কাছে বিষয়টি ভালোই লাগছিল। মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল তার। এই সুবিধা কাজে লাগিয়ে মডেলিংও করতে চেয়েছিল সে। কিন্তু এখন শারীরিক উচ্চতা নিয়েই নানা ভোগান্তি পোহাতে হচ্ছে তাকে। কারণ, এই বয়সেই তার উচ্চতা যে ছয় ফুট নয় ইঞ্চি।এই উচ্চতার কারণেই এখন সে স্কুলেও যেতে পারছে না। উচ্চতার কারণে স্কুলবাসে উঠতেই পারে না সিলভা! স্থানীয় এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সে বলে, ‘বাসায় আমার মাথা ছাদের সঙ্গে লেগে যায়, বাসে উঠতে না পেরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি।’ তার মা জানান, তিনি চান সিলভার এই অস্বাভাবিক বেড়ে ওঠা বন্ধ হোক। সিলভা হোক অন্য মেয়েদের মতোই স্বাভাবিক উচ্চতার। সিলভা বিশেষ কোনো রোগে আক্রান্ত হওয়ার কারণে শারীরিক বৃদ্ধি অস্বাভাবিক বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ১৬ বছর বয়সী মার্ভাডেনে অ্যান্ডারসনকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার কিশোরী ধরা হয়। তার উচ্চতা ছয় ফুট ১১ ইঞ্চি। টেলিগ্রাফ অনলাইন।