উচ্চতা বেড়েই চলেছে মালির
১৯ বছরের তরুণী মালি দুয়াংদির উচ্চতা এখন ছয় ফুট ১০ ইঞ্চি। ওজন ১৩০ কেজি। ২০০৯ সালের জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে দীর্ঘদেহী তরুণী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত হন তিনি। তখন তাঁর উচ্চতা ছিল ছয় ফুট নয় ইঞ্চি। সমস্যা হচ্ছে, মালির উচ্চতা থেমে নেই। বেড়েই চলেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শৈশবে মস্তিষ্কে একটি টিউমার হওয়ার পর থেকে মালির উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়ছে।থাইল্যান্ডের পূর্বাঞ্চলের একটি গ্রামে মালির বাড়ি। এই বিরল রেকর্ডের অধিকারী হয়ে চড়া মাশুল গুনতে হয়েছে মালিকে। তাঁর কোনো বন্ধু নেই। দৃষ্টিশক্তিও হারাতে হয়েছে। তাঁর মা জি (৪০) জানান, নয় বছর বয়স থেকে মালির অস্বাভাবিক বৃদ্ধি শুরু। একপর্যায়ে তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এ সময় মালির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসায় তা অপসারণ করা সম্ভব হয়নি। বরং টিউমারের কারণে মালির দেহে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যা তাঁর অস্বাভাবিক বৃদ্ধির কারণ ঘটায়। টিউমারটি এরই মধ্যে মালির দৃষ্টিশক্তিতেও আঘাত হেনেছে। এতে তাঁর ঘরসংসার করার আশা মিলিয়ে গেছে। প্রতি তিন থেকে ছয় মাস অন্তর একটি করে ব্যয়বহুল ইনজেকশন দিতে হয় মালির শরীরে। মালি বলেন, ‘আমার মতো এমন দুর্ভাগাকে বিয়ে করবে কে? এ জন্য বাবার দুশ্চিন্তার শেষ নেই। আমাকে কোথাও একা যেতে দিতে ভরসা পান না তিনি। আমার ওজনও তো কম নয়। কোথাও পড়ে গেলে কারও সহযোগিতা ছাড়া উঠতে পারি না।’ তিনি বলেন, ‘আমিও অন্য তরুণীদের মতো আনন্দময় জীবন কাটাতে চাই। তবে ভবিষ্যতে আমার জন্য কোন পরিণতি অপেক্ষা করছে তা কে জানে!’ দ্য টেলিগ্রাফ ও ডেইলি মেইল অনলাইন।