উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা পার্কারের গাড়িবহরে হামলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। রাজপরিবারের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে গত বৃহস্পতিবার লন্ডনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রিন্স চার্লস ও ক্যামিলার গাড়িতে হামলা চালান। তাঁরা লন্ডনের একটি থিয়েটারে যাওয়ার পথে ওই হামলার শিকার হন।প্রধানমন্ত্রী ক্যামেরনের উদ্ধৃতি দিয়ে তাঁর এক মুখপাত্র জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে অনেকেই ঘাপটি মেরে ছিলেন। তাঁদের মূল উদ্দেশ্যই ছিল সহিংসতা সৃষ্টি করা। তিনি বলেন, হামলার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।প্রিন্স চার্লস ও ক্যামিলার ওপর হামলার ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে রাজপরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে গত শুক্রবার একজন মুখপাত্র জানান, প্রিন্স চার্লস বা ক্যামিলাকে চিকিৎসা নিতে হয়নি।লন্ডন মহানগর পুলিশের প্রধান স্যার পল স্টিফেনসন বলেন, এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। তিনি বলেন, রাজপরিবারের গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার কয়েক মিনিট আগে সড়কটি পর্যবেক্ষণ করা হয়। তিনি আরও বলেন, বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তারা সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছেন।উল্লেখ্য, ছাত্র বিক্ষোভের ঘটনায় কমপক্ষে ১২ জন পুলিশ কর্মকর্তা এবং ৪৩ জন বিক্ষোভকারী আহত হন। গ্রেপ্তার করা হয় ৩৪ জনকে। এএফপি, পিটিআই অনলাইন।