মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার হুমকি দেওয়ার অপরাধে উজবেকিস্তানের নাগরিক উলুগবেক কদিরভের ১৫ বছর আট মাসের কারাদণ্ড হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি আদালত গত শুক্রবার এ রায় দেন। দেশটির সরকারি সূত্র জানায়, সন্ত্রাসবাদী কার্যক্রমে সহযোগিতা, প্রেসিডেন্ট ওবামাকে হত্যার হুমকি ও অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের দায়ে কদিরভকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে কারাভোগের পর তাঁকে উজবেকিস্তানে ফেরত পাঠানো হবে। কদিরভকে আলাবামা অঙ্গরাজ্যের একটি মোটেল থেকে ২০১১ সালের ১৩ জুলাই গ্রেপ্তার করা হয়। তিনি বন্দুক ও বিস্ফোরক কিনতে সেখানে গিয়েছিলেন। এরপর গত ফেব্রুয়ারিতে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি উজবেকিস্তানের একটি ইসলামি সংগঠনের সঙ্গে যোগসাজশের কথা সরকারি আইনজীবীদের কাছে স্বীকার করেছেন। ওই সংগঠন ওবামাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ২২ বছর বয়সী কদিরভ পড়াশোনার জন্য ২০০৯ সালের জুনে যুক্তরাষ্ট্রে যান। ২০১০ সালের এপ্রিলে ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও তিনি অবৈধভাবে সে দেশে থেকে যান। এএফপি।