উজ্জীবিত বিজেপি, ক্লান্ত কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ১৬তম লোকসভা নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে। এর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ক্ষমতাসীন কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপিসহ রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক লড়াইয়ের প্রস্তুতি।
প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পথ গতকাল বুধবার নয় দফায় অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ৭ এপ্রিল নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে। প্রায় এক মাস ধরে ভোট চলবে। শেষ হবে ১২ মে।
তফসিল ঘোষণার ফলে আগামী কয়েক সপ্তাহেই প্রার্থী বাছাইসহ মনোনয়নের টিকিট বিক্রির চূড়ান্ত তোড়জোড় শুরু হবে। এরপর প্রচারণার মাঠে আটঘাট বেঁধে নামবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। দলগুলোও প্রকাশ করবে নিজ নিজ নির্বাচনী ইশতেহার।
প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একদিকে আছেন ক্ষমতাসীন কংগ্রেসের মনোনয়নপ্রত্যাশীরা। দলটি ১০ বছর ধরে শাসনক্ষমতায় থাকায় এর প্রার্থীরা দৃশ্যত এখন ক্লান্ত-পরিশ্রান্ত। সেই সঙ্গে বহু বছরের পুরোনো এই দলের নেতৃত্ব বতর্মানে ‘প্রজন্ম অতিক্রমের’ পর্যায়ে রয়েছে। জয়ের ক্ষীণ সম্ভাবনা নিয়ে এটি আসন্ন নির্বাচনী লড়াই।
ভোটারদের মনোযোগ আকৃষ্ট করতে রয়েছেন তুলনামূলকভাবে আত্মবিশ্বাসী বিজেপির মনোয়নপ্রত্যাশীরা। এই দলের সম্ভাব্য প্রার্থীরা জনপ্রিয়তায় বেশ এগিয়ে আছেন। এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে দলটির পছন্দের প্রার্থী বিতর্কিত নেতা নরেন্দ্র মোদি।
তবে নির্বাচন নিয়ে গণমাধ্যামের এ রকম সরল সমীকরণের বাইরেও ভোটারদের পছন্দের ক্ষেত্রে বিকল্প প্রার্থীরাও থাকছেন। ভারতের গত ২০ বছরের নির্বাচনী ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, দেশটির সরকারব্যবস্থায় বিভাজন ক্রমেই গভীর হচ্ছে। জাতীয় পর্যায়ের নির্বাচনের মতোই রাজ্য বিধানসভার নির্বাচনেও ভোটাররা কোনো বিশেষ দলের প্রতি একচেটিয়া আস্থা রাখতে পারছেন না। এ অবস্থায় রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে আঞ্চলিক দলগুলোর শাসন লক্ষণীয়।
দেশের রাজনীতিতে উঠে এসেছে দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। জনপ্রিয়তা যতই থাকুক, সাংগঠনিক কাঠামো ও জনগণের প্রতি বার্তা ভারতের বৈচিত্র্যময় রাজনৈতিক ব্যবস্থায় দলটিকে কতটুকু বিজয় এনে দেবে, তা নিয়ে এক বড় প্রশ্ন রয়ে গেছে।
বিশ্লেষকেরা বলেন, আসন্ন নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, তাকে মৌলিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান, প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা, কর্মসংস্থান সৃষ্টি, সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা ফেরানোসহ সর্বগ্রাসী বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। হিন্দুস্তান টাইমস।