মালয়েশিয়ান এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজ হওয়ার পর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সেটির কোনো খোঁজ বা ধ্বংসাবশেষের চিহ্ন এখনো পাওয়া যায়নি৷ ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে বিমানটির যাত্রা শেষ হয়েছিল বলে প্রচারিত ধারণা সত্যি নয় বলে গত বৃহস্পতিবার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক অনুসন্ধান দল৷ বিমানটির নিখোঁজ রহস্য নিয়ে বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানা রকমের ধারণা বা অনুমানের শেষ নেই৷ এ রকম ১৩টি অনুমান জািনয়েছে যুক্তরাজ্যের দি ইনডিপেনডেন্ট পত্রিকা৷
১. সামরিক মহড়ার সময় গুলিতে ভূপাতিত
গত ৮ মার্চ বিমানটি উড্ডয়নের সময় দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সামরিক মহড়া চলছিল৷ মহড়ার সময় গুলিতে বিমানটি ভূপাতিত হয়৷ ব্রিটিশ লেখক ও সাংবাদিক নাইজেল কাওথর্ন এই তত্ত্ব দিয়েছেন৷
২. উদ্দেশ্যমূলকভাবে গুলি করে ভূপাতিত
বিমানটি অনুসন্ধানের একপর্যায়ে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর (আরএএফের) বিশেষজ্ঞ সিয়ান ম্যাফেট বলেন, উত্তর দিকে সরে যাওয়ার পর বিমানটিকে হয়তো ইচ্ছাকৃতভাবেই গুলি করে ফেলে দেওয়া হয়েছে৷
৩. অন্য বিমানের ‘ছায়ার’ আড়ালে উত্তরে উড়ে গেছে
উড়োজাহাজটির প্রকৃত গন্তব্য ছিল দক্ষিণ দিকে৷ উত্তর দিকে উড়ে যাওয়ার পর বিমানটি হয়তো চীন, কাজাখস্তান বা তুর্কমেনিস্তানের কোনো স্থানে অবতরণ করে৷ তবে উচ্চক্ষমতার সামরিক রাডার ফাঁকি দিয়ে সেটা কীভাবে সম্ভব হলো, তা স্পষ্ট নয়৷
৪. জনশূন্য দ্বীপের সৈকতে অবতরণের চেষ্টা
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড উপকূলের মাঝখানে আন্দামান দ্বীপপুঞ্জের মতো কোনো প্রত্যন্ত অঞ্চলের সৈকতে অবতরণের চেষ্টা করে থাকতে পারে৷ তবে ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক পাইলট স্টিভ বাজিগ্যান বলেন, এত বড় একটি বিমানকে বালুর ওপর অবতরণ করানো অসম্ভব ব্যাপার৷
৫. মার্কিন সামরিক ঘাঁটিতে অবতরণ
যড়যন্ত্র তত্ত্বের অংশ হিসেবে বলা হচ্ছে, বিমানটি হয়তো ভারত মহাসাগরে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত ডিয়েগো গার্সিয়া দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে নামিয়ে ‘অাটক’ করে ফেলা হয়েছে৷
৬. মালয়েশিয়ার একটি প্রত্যন্ত বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল
কোনো গোলযোগ দেখা দেওয়ার পর পাইলট হয়তো বিমানটিকে পালাউ লাংকাওয়াই দ্বীপের দিকে নিয়ে যাচ্ছিলেন৷
৭. আগুন ধরে গিয়েছিল
পুরো বিমানজুড়ে আগুন ধরে যাওয়ার পর এটি বিধ্বস্ত হয়ে সাগরে তলিয়ে যেতে পারে৷
৮. ককপিটে বিস্ফোরণ: পাইলটের আসন বা ককপিটে হয়তো কোনো বিস্ফোরণ ঘটেছিল৷
৯. অনেক উঁচুতে ওঠায় সমস্যা
বিমানটি হয়তো ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল৷ অন্তত ৪৫ হাজার ফুট উঁচুতে অবস্থানকালে সম্ভবত বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে বিমানকর্মীদের সঙ্গে সন্ত্রাসীদের লড়াই হয়৷ আর তার একপর্যায়ে বিমানটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে৷
১০. ছিনতাইয়ের অসংগঠিত প্রচেষ্টা
যাত্রীর বেশে দুর্বৃত্তরা বিমানটি ছিনতাইয়ের অসংগঠিত প্রচেষ্টা চালাতে পারে৷
১১. পাইলটের আত্মহত্যা
বিমানটির পাইলট আত্মহত্যা করেছিলেন কি না সেই আশঙ্কার ব্যাপারে যাচাই করে দেখা হচ্ছে৷
১২. নাশকতা
বিমানটি বিমা কেলেঙ্কারি বা ব্যবসায়িক কোনো গুপ্তচরবৃত্তির শিকার হয়ে থাকতে পারে৷ সে ক্ষেত্রে হয়তো নাশকতার মাধ্যমে বিমানটি ধ্বংস করে গায়েব করে দেওয়া হয়েছে৷
১৩. সিআইএর কারসাজি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অভিযোগ করেছেন, নিখোঁজ বিমানটির ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিছু একটা গোপন করতে চাচ্ছে৷