উতরে গেল থেরেসার সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থেরেসা মে
থেরেসা মে

কোনো ধরনের সংশোধনী ছাড়াই থেরেসা মের উত্থাপিত রানির ভাষণ সংসদে পাস হয়েছে। এতে প্রথম ধকল কাটিয়ে বেশ ভালোভাবে উতরে গেল থেরেসার নতুন সরকার। বিপরীতে মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করে বিরোধী দল লেবার পার্টিকে বেশ ঐক্যবদ্ধ মনে হলেও ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) প্রশ্নে দলটির গৃহবিবাদ আবার মাথাচাড়া দিয়েছে। দলীয় নির্দেশ উপেক্ষা করে ভোট দেওয়ার কারণে লেবার নেতা জেরেমি করবিন তাঁর ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট) থেকে তিনজনকে পদচ্যুত করেছেন। অপর একজন নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন।
গত বৃহস্পতিবার রানির ভাষণের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। গত ২১ জুন রানির ভাষণে আগামী দুই বছরের জন্য সরকারের আইন প্রণয়ন ও সংশোধন-সংক্রান্ত কার্যক্রম তুলে ধরেন থেরেসা। ওই ভাষণের ওপর ভোটাভুটিকে থেরেসা মের সরকারের প্রতি আস্থা যাচাইয়ের ভোট হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে মধ্যবর্তী নির্বাচন দেন থেরেসা। লক্ষ্য ছিল জেরেমি করবিনের নেতৃত্ব নিয়ে গৃহবিবাদে লিপ্ত লেবার পার্টিকে আরও ঘায়েল করার। কিন্তু গত ৮ জুন অনুষ্ঠিত সেই নির্বাচনে করবিন রীতিমতো চমক দেখান। আসন হারানোর বদলে লেবার পার্টি উল্টো ৩০টি আসন বেশি জিতে নেয়। ফলে ঝুলে যায় ক্ষমতাসীন কনজারভেটিভ দলের একক সংখ্যাগরিষ্ঠতা। মাত্র ১০টি আসন জেতা দক্ষিণ আয়ারল্যান্ডের রক্ষণশীল দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্টস পার্টির (ডিইউপি) সঙ্গে সমঝোতা করে সরকার গঠন করেন থেরেসা।
লেবার পার্টি রানির ভাষণে উত্থাপিত সরকারি নীতিতে একাধিক সংশোধনী প্রস্তাব এনেছিল। অন্য কয়েকজন সাংসদও ব্যক্তিগতভাবে কয়েকটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু ভোটে সেসব প্রস্তাব টেকেনি। ফলে ১৪ ভোটের ব্যবধানে পাস হয়ে যায় রানির ভাষণ। পক্ষে পড়ে ৩২৩ ভোট আর বিপক্ষে ৩০৯।
ইইউর একক বাজারের সমান সুবিধা বজায় রেখে ব্রেক্সিট কার্যকর করার দাবি জানিয়ে বিল উত্থাপন করে লেবার পার্টি। সেটি ২৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়। লেবার পার্টির সাবেক ছায়া বাণিজ্যমন্ত্রী চুকা উমুন্না ইইউর একক বাজারের সুবিধা ধরে রাখার দাবি জানিয়ে ব্যক্তিগতভাবে বিল উত্থাপন করেন। ২২১ ভোটের ব্যবধানে তা প্রত্যাখ্যাত হয়। এসব বিল প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে ব্রিটিশ সংসদের শক্ত অবস্থান নির্দেশ করে।
দলীয় অবস্থানের বিপরীতে গিয়ে চুক্কা উমুন্নার বিলের পক্ষে ভোট দিয়েছেন মোট ৫০ জন লেবার সাংসদ। এঁদের চারজন করবিনের ছায়া মন্ত্রিসভার সদস্য ছিলেন। পরিবহনবিষয়ক ছায়া উপমন্ত্রী ডেনিয়েল জিকনার দলের হুইপ ভাঙবেন বলে ভোটাভুটির আগেই পদ থেকে সরে দাঁড়ান। অপর তিন সদস্য রুথ কেডব্যারি, ক্যাথরিন ওয়েস্ট ও অ্যান্ডি স্লটারকে ছায়া মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন।
যুক্তরাজ্যের রীতি অনুযায়ী, সাংসদেরা দলের বিপক্ষে অবস্থান নিতে পারেন। কিন্তু দলের মন্ত্রিসভায় থেকে দলীয় অবস্থানের বিরোধিতা করতে পারেন না।