উত্তর আয়ারল্যান্ডের ৪০ হাজার মানুষ পানির সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেখানকার প্রায় ৪০ হাজার মানুষ পানি সরবরাহ থেকে বঞ্চিত। প্রচণ্ড হিমে পানির লাইন ফেটে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। কেউ কেউ গতকাল বুধবার পর্যন্ত টানা আট দিন সুপেয় পানি পায়নি।তুষারপাতের কারণে আয়ারল্যান্ডের হাজার হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার লোকজন বোতলে ভরা পানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। পানির অভাবে রাজধানী বেলফাস্টের কিছু স্থানের অবস্থা করুণ পর্যায়ে পৌঁছেছে।উত্তর আয়ারল্যান্ডের পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মুখপাত্র বলেছেন, অন্তত ৪০ হাজার মানুষ পানি ছাড়াই দিনাতিপাত করছে।সংকট সমাধানে উত্তর আয়ারল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টার মার্টিন ম্যাকগিনেজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি আলোচনায় বসে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, প্রচণ্ড তুষারপাতে সরবরাহ লাইনের পানি জমাট বেঁধে গেছে। ফলে এই সংকট দেখা দিয়েছে। তুষারপাতের কারণে অনেক বাড়িঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে।বেলফাস্টের দক্ষিণ-পশ্চিমে নিওরি এলাকার বাসিন্দা পিটার ম্যাগুয়ের আট দিন ধরে কোনো পানি পাচ্ছেন না। তিনি বলেন, সেখানকার অনেক পরিবার এক সপ্তাহ ধরে পানি পাচ্ছে না। বহু বাড়িতে রান্না-বান্না বন্ধ রয়েছে। এমনকি তারা শৌচাগারে ফ্ল্যাশ করতে পারছে না। মানুষ প্রচণ্ড দুর্ভোগে পড়েছে। তিনি বলেন, এ অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এএফপি।