উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে: পানামা

আটক জাহাজটিতে কিউবার অস্ত্র পরিবহনের মাধ্যমে উত্তর কোরিয়া জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা অমান্য করেছে বলে গত বুধবার অভিযোগ করেছে পানামা। দেশটির কর্তৃপক্ষ পানামা খাল এলাকা থেকে গত ১৫ জুলাই ওই অস্ত্রের চালান আটক করেছিল।
পানামার জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি খসড়া প্রতিবেদনে উত্তর কোরিয়ার ওই নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পানামার কর্তৃপক্ষ অস্ত্রবাহী উত্তর কোরীয় জাহাজটি আটকের পর জাতিসংঘের ওই বিশেষজ্ঞদের সে দেশে তদন্তের জন্য পাঠানো হয়। জাহাজটির ৩৫ জন নাবিককে সহায়তার জন্য উত্তর কোরিয়ার দুই রাষ্ট্রদূত বর্তমানে পানামায় অবস্থান করছেন। অস্ত্র চোরাচালানে জড়িত সন্দেহে ওই নাবিকদের আটক রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের ১২ বছরের কারাদণ্ড হতে পারে।
মেরামতের জন্য কিছু পুরোনো অস্ত্র ওই জাহাজে করে উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছিল বলে কিউবা দাবি করছে। তবে অস্ত্রগুলো কী কারণে বিপুল পরিমাণ চিনির নিচে লুকিয়ে রাখা হয়েছিল, সে ব্যাপারে কিউবা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। জাহাজটিতে সোভিয়েত আমলের যুদ্ধবিমান (মিগ-টোয়েন্টিওয়ান), বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রভৃতি বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাওয়া যায়।
জাতিসংঘের পরিদর্শকেরা পানামায় তাঁদের দায়িত্ব সম্পন্ন করলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। চং চন গ্যাং নামের জাহাজটি রাশিয়ার দূরপ্রাচ্য এলাকা থেকে গত ১২ এপ্রিল কিউবার উদ্দেশে যাত্রা শুরু করে প্রশান্ত মহাসাগর হয়ে জুনের শুরুর দিকে পানামা খালে প্রবেশ করে।
ছোটখাটো অস্ত্র ছাড়া যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র আমদানি ও রপ্তানিতে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। বিবিসি ও এএফপি।