প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে দাবি দক্ষিণের
উত্তর কোরিয়া গতকাল বৃহস্পতিবার তার পূর্ব উপকূলে ‘উল্লেখযোগ্য পাল্লার’ একটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম কোয়ান-জিন। ‘ক্ষুদ্রতর, হালকা ও অন্যান্য পরমাণু’ অস্ত্রের সাহায্যে হামলা চালাতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে—উত্তর কোরিয়ার বুধবারের এ বক্তব্যের প্রেক্ষাপটে দক্ষিণ কোরীয় মন্ত্রী এ কথা বললেন। এদিকে পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন করছে বলে বুধবার জানিয়েছে।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী গতকাল বলেন, উত্তর কোরিয়ার মোতায়েন করা ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম নয়। এটি দূরপাল্লার এবং যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে জাপান ও দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দেন তিনি। দেশ দুটির গণমাধ্যমে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি কেএন-০৮ হতে পারে। দক্ষিণ কোরীয় আইনপ্রণেতাদের উদ্দেশে এক শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তরের ওই ক্ষেপণাস্ত্র মোতায়েনের কারণ তিনি জানেন না। তবে পরীক্ষা চালাতে বা মহড়ার জন্য এটি মোতায়েন করা হতে পারে। ক্ষেপণাস্ত্রটি এক হাজার ৮০০ মাইল দূরে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন। যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এর আওতায় রয়েছে।এর আগে বুধবার উত্তর কোরিয়ার এক সেনা মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছিল, সেনাবাহিনীকে ‘মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়ার’ অনুমতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র কেইটলিন হেইডেন এই বক্তব্যকে ‘বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু হামলা মোকাবিলায় আঞ্চলিক সুরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে গুয়াম দ্বীপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম বসানো হচ্ছে। এটি কয়েক সপ্তাহের মধ্যে পুরোপুরি প্রস্তুত হবে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড, হাওয়াইসহ যেসব লক্ষ্যস্থলে হামলার হুমকি দিয়েছে, গুয়াম তার একটি।বিশ্লেষকেরা বলছেন, উভয় পক্ষ থেকে উসকানিমূলক ও বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা বলা হলেও তাঁরা উত্তর কোরিয়ার তরফে হঠাৎ করেই কোনো পরমাণু হামলার আশঙ্কা করছেন না। সম্প্রতি কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এবং ফেব্রুয়ারিতে পরমাণু পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন অবরোধ আরোপে চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে দেশটি। কয়েক সপ্তাহ ধরে তারা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিচ্ছে। বিবিসি ও ফক্সনিউজ।