উত্তর কোরিয়া চীনের দস্যি ছেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটনে বলা হয়, প্রমাদের অর্থ হলো তা-ই, যা আপনি চিন্তা করেন এবং দুর্ভাগ্যবশত বলে ফেলেন। কথাটা বেইজিংয়ের দেং ইউয়েনের ক্ষেত্রেও সত্য। কারণ, উত্তর কোরিয়া ও চীনের সম্পর্কের বিষয়ে মুখ ফসকে সত্য কথা বলার খেসারত দিতে হয় তাঁকে।দেং একটি সাপ্তাহিক সাময়িকীর সম্পাদক ছিলেন। সাময়িকীটি চীনের ভবিষ্যৎ কমিউনিস্ট নেতাদের প্রশিক্ষণের প্রধান প্রতিষ্ঠান সেন্ট্রাল পার্টি স্কুলের। সম্পাদকের দায়িত্ব পালনকালে দুর্নীতি, সেন্সরশিপ ও রাজনৈতিক সংস্কারসংক্রান্ত লেখা ছাপিয়ে সমালোচনার মুখে পড়েন দেং। সবচেয়ে বড় বিপাকে পড়েন এক কলাম লিখে। ওই কলামে উত্তর কোরিয়ার সঙ্গ ত্যাগের জন্য চীনের প্রতি আহ্বান জানান তিনি। এই কলাম প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুত হন দেং।চীনের অনেক বুদ্ধিজীবী দেংয়ের সঙ্গে একমত। কিন্তু তাঁরা জানেন, এ নিয়ে প্রকাশ্যে কথা বলা বেশ ঝুঁকিপূর্ণ। যদিও চীনের নেতৃত্বে পরিবর্তন এসেছে। তবু মিত্র দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের ব্যাপারে নতুন নেতাদের দৃষ্টিভঙ্গি খুব একটা পাল্টায়নি।বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঝান জিয়াং বলেন, উত্তর কোরিয়া একটি স্পর্শকাতর বিষয়। এর সম্পর্কে নেতিবাচক কিছু লেখা এখানে প্রায় অসম্ভব। যদিও অনেক কট্টর বামপন্থীও এখন উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আন্তর্জাতিক এক ফোরামে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শিন জিনপিং সেসব দেশের নিন্দা করেন। তাঁর ভাষায়, দেশগুলো নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা অঞ্চলকে সংঘাতের মুখে ঠেলে দিচ্ছে। অবশ্য তিনি উত্তর কোরিয়ার নাম উল্লেখ করেননি।গত বুধবার কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস পত্রিকার এক খবরে বলা হয়, পিয়ংইয়ং সম্পর্কে চীনের জনগণের সমর্থন ম্লান হয়ে আসছে। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ংয়ের হামলার হুমকি এর সুনাম ক্ষুণ্ন করছে। উত্তর কোরিয়ার এই আচরণ সম্পর্কে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বেলফার সেন্টারের জন পার্ক বলেন, ‘আমরা এমন এক ভালো ছেলের বিষয়ে কথা বলছি, তবে কিনা বাজে আচরণ করছে সে।’ উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ক বহু পুরোনো। ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধের সময় পিয়ংইয়ংয়ের পক্ষাবলম্বন করে বেইজিং। এখনো সমর্থন অব্যাহত রেখেছে। দেশটিতে জ্বালানি তেল, ছাতা, শ্যাম্পুসহ নানা পণ্য রপ্তানি করে।