উত্তর কোরিয়া দক্ষিণের জন্য ভয়াবহ হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন-হি বলেছেন, তাঁর দেশের নিরাপত্তার জন্য উত্তর কোরিয়া ভয়াবহ হুমকি। তবে দুই কোরিয়ার তিক্ত সম্পর্কোন্নয়নে ‘বিশ্বস্ত আলোচনায়’ বসার পক্ষে তিনি। সানুরি পার্টির (নিউ ফ্রন্টিয়ার পার্টি হিসেবে পরিচিত) প্রার্থী পার্ক গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টির প্রার্থী মুন জে-ইনকে পরাজিত করেন।প্রয়াত নেতাদের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে পার্ক বলেন, কোরীয় উপদ্বীপে ‘নতুন যুগের সূচনা হলো’। পরাজয় মেনে নিয়ে পার্ককে স্বাগত জানান মুন। পার্কের বিজয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। এর আগে তাঁর সানুরি পার্টিকে ‘প্রচণ্ড বাতিকগ্রস্ত’ বলে মন্তব্য করেছিল পিয়ংইয়ং। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক খবরে বলা হয়, বিদায়ী প্রেসিডেন্ট লি মিউন-বাক ক্ষমতায় থাকাকালে সানুরি পার্টি কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়েছিল। এই পার্টি একদল বিশ্বাসঘাতকের, ওই বিশ্বাসঘাতকেরা ক্ষমতা দখলের জন্য এমন কোনো কুকীর্তি নেই যে করতে পারে না। পার্ক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে ওবামা বলেন, ‘আমাদের দুই দেশের অর্থনৈতিক, নিরাপত্তা ও জনগণের মধ্যে রয়েছে মৈত্রীর বন্ধন।’ এএফপি ও বিবিসি।