উত্তর কোরিয়া ফের চালু করছে ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া বলেছে, সে দেশের ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের সব ধরনের কার্যক্রম শুরু করবে। ২০০৭ সাল থেকে এটি বন্ধ রাখা হয়েছিল।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পিয়ংইয়ং এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, দেশটির পারমাণিক শক্তির মান ও পরিমাণ বৃদ্ধিই এর লক্ষ্য।উত্তর কোরিয়া সংকট ‘অনেক দূর গড়িয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল ইয়ংবিয়ন পারমাণবিক স্থাপনা নতুন করে চালুর পরিকল্পনা ঘোষণার পর এই মন্তব্য করেন তিনি।দক্ষিণ-পশ্চিম ইউরোপের অ্যান্ডোরা সফরকালে এক সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, পরিস্থিতি শান্ত হতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাতের পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পারমাণবিক অস্ত্রের হুমকি কোনো খেলা নয়। এ সময় পিয়ংইয়ংয়ের সঙ্গে শিগগির আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।ধারণা করা হচ্ছে, ওই চুল্লিতে প্রকাশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ করবে পিয়ংইয়ং। এতে পারমাণবিক বোমা বানানোর প্রক্রিয়া ত্বরান্বিত হবে।উত্তর কোরিয়া গত ফেব্রুয়ারিতে তৃতীয় দফায় পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এর জের ধরে দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ হয় উত্তর কোরিয়া।গত মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সেনাবাহিনীর নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরু হয়। এর পর থেকে প্রায় প্রতিদিনই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় হামলার হুমকি দিচ্ছে পিয়ংইয়ং। হুমকির পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায়ও রেখেছে তারা। গত শনিবার পিয়ংইয়ং ঘোষণা দেয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক এখন ‘যুদ্ধাবস্থার’ দিকে গড়াচ্ছে।এদিকে সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই হুঁশিয়ারি দেন, তাঁর দেশে হামলা হলে উত্তর কোরিয়াকে সমুচিত পাল্টা জবাব দেওয়া হবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল বলেন, পিয়ংইয়ংয়ের এসব ঘোষণা খবই অনুতাপের।উত্তর কোরিয়ার ঘনিষ্ট মিত্র চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোরীয় উপদ্বীপে উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেছেন, কোরীয় উপদ্বীপের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ কোনো শান্তিচুক্তি ছাড়াই শুধু অস্ত্রবিরতির মাধ্যমে স্থগিত করা হয়েছিল; তাই পরোক্ষভাবে দুই কোরিয়া সব সময় যুদ্ধাবস্থায়ই আছে। তবে ওই সমঝোতা এখন আর কার্যকর নয় বলে মার্চের প্রথম দিকে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। বিবিসি।