উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিশ্বের অন্য নেতাদের দাবি প্রত্যাখ্যান করে রকেট উৎক্ষেপণের সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বিবৃতিতে এ কথা জানানো হয়।উত্তর কোরিয়া সমপ্রতি দূরপাল্লার একটি রকেট উৎক্ষেপণের কথা ঘোষণা করার পর এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলমান ৫৩টি দেশের পরমাণু নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ উত্তর কোরিয়ার এই পরিকল্পনার নিন্দা জানিয়ে তা থেকে বিরত থাকতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া মনে করছে, উত্তর কোরিয়ার এই পরিকল্পনার পেছনে রয়েছে রকেটের আড়ালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো।উত্তর কোরিয়া গতকাল তাদের এ সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে বলেছে, শান্তিপূর্ণভাবে কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপনে তারা এই রকেট উৎক্ষেপণ করবে। তারা বলেছে, প্রতিটি দেশেরই এই অধিকার রয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিরোধিতাপূর্ণ মনোভাব বদলানোর আহ্বান জানিয়েছে তারা।মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার বার্তা সংস্থার বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বলছেন, ‘আমাদের প্রতি তাঁর কোনো বৈরী অভিপ্রায় নেই। তাঁর এ কথা যদি সত্যি হয়, তাহলে আমাদের কাজে বাধা দেওয়ার বিরোধিতাপূর্ণ মানসিকতা ছাড়তে হবে তাঁকে।’ এএফপি।