ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনার জের
উত্তর কোরিয়াকে খাদ্য-সহায়তা দেওয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় উত্তর কোরিয়াকে খাদ্য-সহায়তা দেওয়া স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের একজন কর্মকর্তা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এর আগেই সতর্ক করে দিয়ে বলেছিল, কোনো ধরনের উৎক্ষেপণের পরিকল্পনা খাদ্য-সহায়তা দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। আর গতকালের কংগ্রেসের একটি কমিটিতে শুনানির সময় পেন্টাগনের ওই কর্মকর্তার মন্তব্য এ বিষয়টিই পরিষ্কার করল, যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং খাদ্য-সহায়তা দেওয়া ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। পেন্টাগনের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক সহকারী প্রতিরক্ষামন্ত্রী পিটার লেভয় গতকাল কংগ্রেসের আর্মড সার্ভিস কমিটির এক বৈঠকে বলেন, ‘আগামী মাসে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের পরিকল্পনা দেশটির আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার সদিচ্ছার অভাবেরই প্রতিফলন। সুতরাং, আমরা উত্তর কোরিয়াকে খাদ্য-সহায়তা দেওয়ার কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছি।’ লেভয় বলেন, উত্তর কোরিয়া যে ধরনের কার্যকলাপ শুরু করেছে, তাতে ওই খাদ্য-সহায়তা যে নিশ্চিতভাবেই দেশটির অনাহারক্লিষ্ট মানুষের কাছে পৌঁছাবে এবং সেগুলো যে দেশটির অভিজাত ব্যক্তিরা কুক্ষিগত করবে না, সেসব বিষয়ে আস্থা রাখতে পারছে না যুক্তরাষ্ট্র।গত মাসে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়ার নেতারা প্রতিশ্রুতি দেন, যুক্তরাষ্ট্র খাদ্য-সহায়তা দিলে তার বিনিময়ে তাঁরা তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা আংশিকভাবে বন্ধ রাখবে। তবে দেশটি সমপ্রতি ঘোষণা দেয়, দেশটির প্রতিষ্ঠাতা নেতা কিম ইল-সাংয়ের শততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে একটি রকেট উৎক্ষেপণ করবে। দেশটি দাবি করে আসছে, কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করাই ওই রকেট উৎক্ষেপণের লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর মতে, এ ধরনের দূরপাল্লার উৎক্ষেপণ জাতিসংঘের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। কংগ্রেসের ওই কমিটিতে বক্তব্য দেওয়ার সময় সহকারী প্রতিরক্ষামন্ত্রী লেভয়ও সে বিষয় তুলে ধরেন। এএফপি।