উত্তর কোরিয়াকে মিয়ানমার থেকে শিক্ষা নিতে বললেন প্রেসিডেন্ট লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক সংস্কারের উদাহরণ টেনে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক গতকাল বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার উচিত মিয়ানমারের কাছ থেকে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাদের কয়েক দশকের বিচ্ছিন্নতা মিটিয়ে ফেলা। দক্ষিণ কোরিয়ার মেমোরিয়াল ডে উপলক্ষে দেওয়া এক ভাষণে লি এ কথা বলেন। তিনি দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির সঙ্গে তাঁর দেশের সম্পর্কোন্নয়নের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি মিয়ানমার সরকারের সাম্প্রতিক গণতান্ত্রিক সংস্কার পদক্ষেপকে ‘অপ্রতিরোধ্য গতি’ বলে অভিহিত করেন। গত মাসে মিয়ানমার সফর করেন লি। ১৯৮৩ সালের পর এটি ছিল কোনো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের প্রথম মিয়ানমার সফর। লি বলেন, প্রচুর প্রাকৃতিক সম্পদ ও বিশাল ভূখণ্ড থাকা সত্ত্বেও মিয়ানমারের মাথাপিছু আয় মাত্র ৭০০ ডলার। একই অবস্থা উত্তর কোরিয়ারও। সমাজতন্ত্রী অর্থনীতি ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার কারণেই পিয়ংইয়ংয়ের অর্থনীতির এ অবস্থা দাঁড়িয়েছে।কোরীয় প্রেসিডেন্ট বলেন, ‘বৈশ্বিক স্বাধীনতা ও সংস্কারের হাওয়া...যা উত্তর আমেরিকাকে প্রভাবিত করেছে এবং এখন এশিয়াকেও করছে। এটা এমন দুর্নিবার ইতিহাসের ধারা যার বিরুদ্ধে কেউউ রুখে দাঁড়াতে পারে না।’ তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট থেইন সেইনকে মিয়ানমারের নতুন যুগে প্রবেশের বার্তা উত্তর কোরিয়ার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছি।’ এএফপি।