উত্তর কোরিয়াকে ‘শান্তির পথে’ চলার আহ্বান যুক্তরাষ্ট্রের
কিম জং-ইলের মৃত্যুর পর ‘শান্তির পথ’ অনুসরণের জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, কিমের মৃত্যুর পর ওই দেশের জনগণকে নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। গত সোমবার রাতে এক বিবৃতিতে হিলারি ক্লিনটন বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে, নতুন নেতৃত্ব উত্তর কোরিয়ার প্রতিশ্রুতিকে সম্মান দেখিয়ে দেশকে শান্তির পথে পরিচালনা করার দিকনির্দেশনা দেবে।হিলারি বলেন, কোরিয়ার জনগণকে সহায়তা করতে এবং কোরীয় উপদ্বীপে টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সর্বদা প্রস্তুত। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-ইল গত শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।এদিকে প্রয়াত নেতা কিম জং-ইল তৃতীয় ছেলে কিম জং-উনকে উত্তরাধিকারী নির্বাচন করে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ক্ষমতা গ্রহণ করেননি। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, উত্তরাধিকারী নির্বাচন নিয়ে পরমাণু শক্তিধর দেশটিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার সঙ্গে ফোনে কথা বলেছেন। এছাড়া কোরিয়া উপদ্বীপ পরিস্থিতি নিয়েযুক্তরাষ্ট্র প্রতিবেশীদেশগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গতকাল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। উভয় দেশ ‘শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা’ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। এএফপি ও বিবিসি অনলাইন।