উত্তর কোরিয়ার আরেক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন স্বপক্ষত্যাগী নেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তর কোরিয়ার আরেক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া। এর আগে গত বৃহস্পতিবার একই অভিযোগে উত্তর কোরিয়ার দুই গুপ্তচরকে ১০ বছর করে কারাদণ্ড দেয় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ গতকাল শনিবার জানিয়েছে, হ্যান নামে ওই গুপ্তচর ১৯৬০ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় বসবাস করে আসছেন। ২০০০ সালে তাঁকে গুপ্তচর হিসেবে নিয়োগ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত উত্তর কোরিয়ার স্বপক্ষত্যাগী শীর্ষস্থানীয় কমিউনিস্ট নেতা হ্যাং জেংকে হত্যার জন্য যে ষড়যন্ত্র করা হয়, তার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলে বার্তা সংস্থার খবরে বলা হয়। গ্রেপ্তার হওয়া হ্যান দক্ষিণ কোরিয়ায় বসবাস করলেও উত্তর কোরিয়ায় বসবাসরত পরিবারের লোকজনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। সে সূত্রে তিনি উত্তর কোরিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে পড়েন বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়া অবশ্য তার দেশ থেকে চলে আসা শীর্ষস্থানীয় নেতা হ্যাং জেংকে হত্যাচেষ্টার অভিযোগ দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করেছে। পিয়ংইয়ং বলেছে, সিউল কোরীয় উপত্যকায় উত্তেজনা সৃষ্টির জন্য আষাঢ়ে গল্প তৈরি করছে। গত মার্চে উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ যাওয়ার পর থেকে দেশ দুটির মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনায় ৪৬ জন দক্ষিণ কোরীয় নাবিক প্রাণ হারান। এএফপি।