উত্তর কোরিয়ার ওপর অবরোধ বৃদ্ধিকে স্বাগত জানাল দক্ষিণ
উত্তর কোরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাত্রা বৃদ্ধি করার মার্কিন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে একই সঙ্গে বন্যা উপদ্রুত উত্তর কোরিয়াকে বড় ধরনের অর্থনৈতিক সহায়তারও প্রস্তাব করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সোমবার উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাত্রা বৃদ্ধির ঘোষণা দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসকারী চারজন উত্তর কোরীয় নাগরিক ও আটটি প্রতিষ্ঠানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। ওই যুদ্ধজাহাজডুবিতে ৪৬ নাবিকের প্রাণহানি ঘটে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশা করছেন, এই পদক্ষেপ উত্তর কোরিয়াকে তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করতে বাধ্য করবে। এদিকে পিয়ংইয়ং নতুন করে ছয় জাতি আলোচনায় বসার ব্যাপারে তাদের ইচ্ছার কথা প্রকাশ করলেও সিউল ও ওয়াশিংটন সে প্রস্তাবে কোনো আগ্রহ দেখায়নি। রয়টার্স, এএফপি।