উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামা। গতকাল রোববার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্ট লি মিউং বাকের সঙ্গে বৈঠককালে বলেন, ‘উত্তর কোরিয়া হুমকি বা উস্কানি দিয়ে কিছুই অর্জন করতে পারবে না।’আজ সোমবার সিউলে পরমাণু নিরাপত্তাবিষয়ক এক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। দুই দিনের এ সম্মেলনে ৫৩টির দেশের নেতারা অংশ নেবেন। উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ নিয়ে উত্তেজনার মধ্যে এ সম্মেলনে অংশ নিতেই ওবামা গতকাল দক্ষিণ কোরিয়া পৌঁছান। আগামী ১২-১৬ এপ্রিল উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে। তাদের এ ঘোষণায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। কারণ, এই রকেট উৎক্ষেপণের কথা বলে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে। তবে উত্তর কোরিয়া বলছে, কক্ষপথে স্যাটেলাইট পাঠাতেই তারা রকেট উৎক্ষেপণ করবে। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বৈঠককালে বলেন, উত্তর কোরিয়া তাদের রকেট উৎক্ষেপন পরিকল্পনা বাদ না দিলে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হবে। এমনকি আন্তর্জাতিকভাবে একঘরে করে রাখারও হুমকি দেন তাঁরা। উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের বিরুদ্ধে ওয়াশিংটন ও সিউল ‘নিঃসন্দেহে একসঙ্গে’ রয়েছে উল্লেখ করে ওবামা বলেন, ‘উত্তর কোরিয়া তাঁদের আইনের বাধ্যবাধ্যকতা সম্পর্কে জানে এবং তা মানতে হলে অবশ্যই দেশটিকে তাদের এ পদক্ষেপ প্রত্যাহার করতে হবে।’লি মিউং বাক বলেন, উত্তর কোরিয়ার যে কোনো ধরণের হুমকি ও উস্কানির কড়া জবাব দিতে এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ব্যাপারে তাঁরা সম্মত হয়েছেন। এবাবের সম্মেলনে মূল উদ্দেশ্যই হলো কোনো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন যেন পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া। তবে বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির বিষয়টি নেই। উত্তর কোরিয়া এ সম্মেলনে অংশ নিচ্ছে না। ওবামা উত্তর কোরিয়া ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দক্ষিণ কোরিয়া সফরে গিয়েই ওবামা হেলিকপ্টারে করে দুই কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক এলাকা ক্যাম্প বোনিফাস পরিদর্শন করেন। এ সময় তিনি একটি পর্যবেক্ষণ চৌকিতে বুলেটপ্রতিরোধক কাচের আড়ালে দাঁড়িয়ে দুরবিন দিয়ে উত্তর কোরিয়ার সীমানা পর্যবেক্ষণ করেন। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষে এই সীমান্ত এলাকা দুই কোরিয়াকে বিভক্ত করে। এটি বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তাবেষ্টিত সীমান্ত। বিবিসি, এএফপি।