উত্তর কোরিয়ার জনগণের প্রতি গণ-আন্দোলনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ায় গণ-আন্দোলনের আহ্বান জানিয়ে কিম জং-ইল বিরোধী প্রচারপত্র পাঠিয়েছেন স্বদেশত্যাগী লোকজন। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া থেকে গতকাল বুধবার ওইসব প্রচারপত্র পাঠানো হয়।কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার নেতা কিম জং-ইল গত শনিবার মারা যাওয়ার পরপরই বিরোধীরা এ উদ্যোগ নেয়। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকা থেকে গ্যাসপূর্ণ বেলুনে করে প্রায় দুই লাখ প্রচারপত্র ছড়িয়ে দেওয়া হয়। এতে আরব বসন্তের গণবিদ্রোহের কথা উল্লেখ করা হয়। এ ছাড়া, প্রয়াত নেতা কিমের ছেলে কিম জং-উনকে বংশপরম্পরায় ক্ষমতাসীন করার তীব্র সমালোচনা করা হয়। প্রচারপত্রে বলা হয়, ‘জেগে ওঠো জনতা। তৃতীয় প্রজন্মের ক্ষমতারোহন ঠেকাতে আফ্রিকানদের মতো লড়াই করো।’ প্রয়াত একনায়ক কিম জং ইলকে ‘কসাই’ হিসেবে উল্লেখ করে একটি বিবৃতি দেন উত্তর কোরিয়ার স্বদেশত্যাগী ব্যক্তিরা। উত্তরাধিকারসূত্রে কিমের ছেলে ক্ষমতা গ্রহণ করায় ওই বিবৃতিতে নিন্দা জানানো হয়। আন্দোলনকারীরা চিৎকার করে বলে ওঠেন, ‘কিম জং ইলের মৃত্যুকে আমরা স্বাগত জানাই।’এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে গতকাল বলা হয়, প্রয়াত নেতার মৃত্যুতে লাখ লাখ নাগরিক শোকাহত। টেলিভিশনের ছবিতে দেখা যায়, কিমের ছবির সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন অনুসারীরা।উত্তর কোরিয়ায় বহির্বিশ্বের খবর প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ করা হয়। অতীতেও দক্ষিণ কোরিয়া থেকে এ ধরনের প্রচারপত্র উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছে। সীমানা অতিক্রম করে এ ধরনের প্রচারপত্র বিলি করায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছে।প্রতিবেশী দেশের নেতা কিম জং ইলের মৃত্যুতে দেশটির জনগণের প্রতি দক্ষিণ কোরিয়া গত মঙ্গলবার সহানুভূতি জানিয়েছে। দুই দেশের অভিন্ন সীমান্তে তারা বড়দিন উপলক্ষে বিশেষ আলোকসজ্জার প্রস্তুতি নিয়েছে। তবে পিয়ংইয়ংয়ের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো শোকবার্তা পাঠায়নি সিউল।কিম জং-ইলের মরদেহ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের একটি প্রাসাদে রাখা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এএফপি।