দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে ভাষণ দিয়েছেন উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং-উন। দুই দিন আগে একটি রকেট উৎক্ষেপণ-প্রচেষ্টায় ব্যর্থতা সত্ত্বেও গতকাল রোববার দেওয়া ওই ভাষণে জং-উন তাঁর দারিদ্র্যপীড়িত দেশটির জন্য ‘চূড়ান্ত বিজয়’ অর্জন করার প্রত্যয় ব্যক্ত করেন। জং-উনের দাদা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের শততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল এক কুচকাওয়াজের আয়োজন করা হয়। উত্তর কোরিয়ার টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে ড্রামের তালে তালে হাজারো সেনা লাল পতাকা হাতে রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল-সুং চত্বর প্রদক্ষিণ করতে দেখা যায়। চত্বরে জড়ো হওয়া হাজারো সেনা ও বেসামরিক লোকজনের উদ্দেশে জং-উন বলেন, ‘সম্ভাব্য সব পথ ব্যবহার করে আমরা অবশ্যই আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করব... এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধিশালী সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য বাস্তবায়ন করব।’কিম রাজবংশের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে অন্যতম পারমাণবিক বোমা নিয়ে পশ্চিমা দেশগুলোর রোষ প্রসঙ্গে জং-উন বলেন, হুমকি-ধমকি দিয়ে তাঁর দেশকে ব্ল্যাকমেইল করার দিন শেষ। এ ছাড়া তিনি ভাষণে ‘সামরিক বাহিনীই প্রথম’ তত্ত্বের প্রশংসা করেন। কিম ইল-সুংয়ের ১০০তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে উত্তর কোরিয়া কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিলে তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে—এ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ওই উৎক্ষেপণ না করার আহ্বান জানায়। এমনকি ওয়াশিংটন দেশটিকে প্রতিশ্রুত দুই লাখ ৪০ হাজার টন খাদ্য-সহায়তা বন্ধ করে দেয়। তার পরও দেশটি দুই দিন আগে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যদিও কয়েক মিনিটের মাথায় সেটি বিধ্বস্ত হয়ে পুরো প্রক্রিয়া ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে ভাষণ দেওয়ার সময় জং-উনকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। গতকালের কুচকাওয়াজে গোলন্দাজ বাহিনীসহ হাজারো সেনা অংশ নেয়। এ সময় সেখানে নতুন একটি ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করা হয়। উৎফুল্ল সেনাদের উদ্দেশে জং-উন বলেন, ‘চলো, আমরা আমাদের চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাই।’ জবাবে সেনারা হর্ষধ্বনি দিতে থাকে। জং-উন বলেন, উত্তর কোরিয়ার জন্য শান্তি অবশ্যই মূল্যবান। কেননা, তাঁরা একটি শক্তিশালী দেশ ও জনগণের জীবনমান উন্নয়নে চেষ্টা করছেন। তবে জাতি হিসেবে মর্যাদা এবং দেশের সার্বভৌমত্ব তার চেয়েও বেশি মূল্যবান।বছরের পর বছর ধরেই উত্তর কোরিয়ার সরকার জনগণের জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে আসছে। অথচ বাস্তবে তীব্র খাদ্যসংকট থাকা সত্ত্বেও অব্যাহতভাবে দেশের সামরিক বাহিনীর পেছনে বিশাল অঙ্কের অর্থ ঢালা হচ্ছে। জং-উন তাঁর ভাষণে বলেন, উত্তর কোরীয় জনগণ পৃথিবীর সেরা এবং অনেক দুঃখ-কষ্ট সহ্য করেছে এবং দেশটির ক্ষমতাসীন দলকে বিশ্বস্ততার সঙ্গে সেবা করেছে। ক্ষমতাসীন দল এখন এ বিষয়টি নিশ্চিত করতে সংকল্পবদ্ধ যে জনগণকে তাদের কোমরের বেল্টকে আর শক্ত করে বাঁধতে হবে না এবং তারা সমাজতন্ত্রের সমৃদ্ধি পরিপূর্ণভাবে উপভোগ করবে। এএফপি, বিবিসি।