উত্তর কোরিয়ার তিন প্রতিষ্ঠানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বুধবার উত্তর কোরিয়ার তিনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংস্থাটির নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গত মাসে পিয়ংইয়ং রকেট উৎক্ষেপণ করে। কিন্তু এ উৎক্ষেপণ ব্যর্থ হয়। ব্যর্থ হলেও নিষেধাজ্ঞা লঙ্ঘনের শাস্তিস্বরূপ দেশটির তিনটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল নিরাপত্তা পরিষদ।জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস নিষেধাজ্ঞা আরোপিত উত্তর কোরিয়ার তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটির নাম জানান। এটি হলো গ্রিন পিন অ্যাসোসিয়েটেড করপোরেশন। নিরাপত্তা পরিষদের অন্য কূটনীতিকেরা জানান, অপর প্রতিষ্ঠান দুটি হলো আর্মোগ্যাঙ্গ ডেভেলপমেন্ট ব্যাংকিং করপোরেশন ও দ্য কোরিয়া হিউঙ্গজিন ট্রেডিং কোম্পানি।রাষ্ট্রদূত সুসান ঘোষণা করেন, নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ করছে। তা ছাড়া ওই তিন প্রতিষ্ঠানের যাবতীয় সব সম্পদ বাজেয়াপ্ত করার জন্য সংস্থাভুক্ত সব দেশের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান তিনটি পিয়ংইয়ংয়ের অবৈধ ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। উত্তর কোরিয়া গত ১৩ এপ্রিল একটি ব্যর্থ রকেট উৎক্ষেপণ-পরীক্ষা চালায়। এরপর ১৬ এপ্রিল নিরাপত্তা পরিষদ এক সর্বসম্মত বিবৃতিতে এর তীব্র নিন্দা জানায়। পরিষদ নিষেধাজ্ঞা কমিটিকে দেশটির ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা যোগ করতে ১৫ দিন সময় বেঁধে দেয়। এএফপি, বিবিসি।