উত্তর কোরিয়ার নতুন ভাইস মার্শালের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া সেনাবাহিনীর নতুন ভাইস মার্শাল হিসেবে হিয়ন ইয়ং-চলকে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে সেনাপ্রধান রি ইয়ং-হোকে সরিয়ে দেওয়ার এক দিন পর পিয়ংইয়ং এ পদক্ষেপ নিল। বিশ্লেষকদের ধারণা, কমিউনিস্ট রাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনীর ওপর নতুন নেতা কিম জং-উনের প্রভাব আরও শক্ত করার লক্ষ্যে এ বাহিনীর পুনর্বিন্যাসের অংশ হিসেবে হিয়নকে নিয়োগ দেওয়া হয়েছে। কেসিএনএ এক বিবৃতিতে বলেছে, ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সেনা কমিশন ও জাতীয় প্রতিরক্ষা কমিশন প্রবীণ ফিল্ড কমান্ডার হিয়ন ইয়ং-চলকে নতুন ভাইস মার্শাল নিয়োগের ওই সিদ্ধান্ত নেয়। তিনি বিদায়ী সেনাপ্রধান রি ইয়ংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন কি না, সে বিষয়ে অবশ্য বিবৃতিতে কিছু বলা হয়নি।তুলনামূলক স্বল্প পরিচিত হিয়ন ইয়ং-চল ওয়ার্কার্স পার্টির ১২০ সদস্যের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। তিনি এখন সেনাবাহিনীর চার ভাইস মার্শালের একজন হিসেবে দায়িত্ব পেলেন। সদ্য বিদায় নেওয়া সেনাপ্রধান রি ইয়ং-হো নিজেও একজন ভাইস মার্শাল ছিলেন। নতুন ভাইস মার্শাল হিয়নকে উত্তর কোরিয়ার সর্বশেষ উদীয়মান তারকা হিসেবে মনে করা হচ্ছে। বিশ্লেষকেরা বলেন, তিনি বিদায়ী সেনাপ্রধান রির স্থলাভিষিক্ত হবেন বলে তাঁদের ধারণা। বিবিসি ও এএফপি।