উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা উনের ছবি প্রকাশ
উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা ও কিম জং-ইলের ছোট ছেলে কিম জং-উনের ছবি গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারিভাবে প্রকাশ করা হয়েছে। দেশটির সরকারি গণমাধ্যমে গতকাল ক্ষমতাসীন দলের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিতে অন্যদের সঙ্গে উনও ছিলেন। তবে এ ছবি সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি। কোথায় ছবিটি তোলা হয়েছে, তা জানানো হয়নি।ছবিতে উত্তর কোরীয় নেতার পাশে বসা লোকটিকে কিম জং-উন হিসেবে চিহ্নিত করেছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ দল। দেশটির একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র লি জং-জু বলেন, ‘আমাদের বিশ্বাস, তিনিই (উত্তর কোরীয় নেতার পাশে বসা ব্যক্তি) হলেন কিম জং-উন।’ সিউল বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়াবিষয়ক বিভাগের শিক্ষক ইয়াং মু-জিন বলেন, ‘উনের ছবি প্রকাশ করার অর্থই হলো তিনিই হবেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা। এ ছবি দিয়ে আরও জানান দেওয়া হয়েছে যে উন এরই মধ্যে সরকারি কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।’যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ উনের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধিদল গতকাল চীনের উদ্দেশে দেশ ত্যাগ করেছে। তবে এ প্রতিনিধিদলে উন আছেন কি না, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এএফপি।