উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা রকেট দক্ষিণ কোরিয়ার আকাশে ঢুকলে গুলি করে ভূপাতিত করা হবে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।আগামী ১২ থেকে ১৬ এপ্রিল উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে। উত্তর কোরিয়া বলছে, কক্ষপথে স্যাটেলাইট পাঠাতেই তারা রকেট উৎক্ষেপণ করবে।ইতিমধ্যে রকেটের প্রধান অংশ উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নেওয়া হয়েছে বলে সিউল নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এর পরপরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনারা টংচেং-রি ঘাঁটি থেকে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।পরিকল্পনা অনুযায়ী রকেটটি দক্ষিণ কোরিয়া ও চীনের মধ্যবর্তী পীত সাগরে পড়ার কথা। কিন্তু রকেটটি সাগরে না পড়ে তা দক্ষিণ কোরিয়া অংশে পড়তে পারে বলে উদ্বিগ্ন সিউল।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ‘আমরা ক্ষেপণাস্ত্রের গতিপথ চিহ্নিত করার প্রস্তুতি নিচ্ছি। আর এটি যদি পরিকল্পিত গতিপথ ছেড়ে আমাদের ভূখণ্ডে পড়ে, তাহলে আমরা তা গুলি করে ভূপাতিত করব।’ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানায়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ রকেটকে মোকাবিলা করতে পীত সাগরে জাহাজ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রবিধ্বংসী এসএম-২ সজ্জিত জাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে। এএফপি।