কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণে উত্তর কোরিয়া রকেট ছুড়লে প্রয়োজনে গুলি করে তা ভূপাতিত করবে জাপান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাওকি তানাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, এই রকেট জাপানের ভূখণ্ডের জন্য হুমকি হয়ে দেখা দিলে এটিকে ভূপাতিত করতে হবে। দেশটির মন্ত্রিসভা গতকাল শুক্রবার বিষয়টি অনুমোদন করেছে। উত্তর কোরিয়া জানিয়েছে, ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে তারা রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের অভিযোগ, উত্তর কোরিয়া এভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের নামে মূলত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পাঁয়তারা করছে। তবে উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।উপগ্রহের মাধ্যমে তোলা নতুন ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়া রকেট ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। এপ্রিলের যেকোনো দিন এই রকেট ছোড়া হবে।জাপানের প্রতিরক্ষামন্ত্রী তানাকার জারি করা এক নির্দেশে বলা হয়, উত্তর কোরিয়ার রকেট জাপানি ভূখণ্ডের জন্য হুমকির কারণ। তা ঠেকাতে হবে। গতকাল রাজধানী টোকিওতে তিনি সাংবাদিকদের বলেন, প্রয়োজনে গুলি করে রকেট ভূপাতিত করার অনুমোদন তিনি পেয়েছেন। । এর আগে গত মঙ্গলবার তানাকা দেশটির প্রতিরক্ষাবাহিনীকে ‘ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের’ জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।উত্তর কোরিয়া রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দেওয়ায় জাপান গত সপ্তাহে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে প্রস্তুতির কাজ শুরু করেছে।গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া হুঁশিয়ারি করেছে, উত্তর কোরিয়া রকেট ছুড়লে তা পথভ্রষ্ট করা হবে। এএফপি, রয়টার্স, বিবিসি।