উত্তর কোরিয়ার রকেটের বিরুদ্ধে জাপানের প্রস্তুতি
দূরপাল্লার রকেট উৎক্ষেপণে উত্তর কোরিয়ার ঘোষণার পাল্টা হিসেবে জাপান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত রাখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাওকি তানাকা এ কথা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার ওই ঘোষণা শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি।দুই লাখ ৪০ হাজার টন মার্কিন খাদ্যসহায়তার বিনিময়ে গত মাসে পিয়ংইয়ং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে সম্মত হয়। এ ছাড়া চুক্তির অংশ হিসেবে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত এবং দেশে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের অনুমতি দিতে সম্মত হয়। তবে দেশটি আগামী মাসে দূরপাল্লার রকেট উৎক্ষেপণের ঘোষণা দেওয়ায় কোরীয় উপদ্বীপে আবার উত্তেজনা শুরু হয়েছে।উত্তর কোরিয়া বলেছে, ওই রকেট উৎক্ষেপণের মাধ্যমে তারা কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপন করবে। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিশ্বাস, এটা ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটি অজুহাত মাত্র।গত সপ্তাহে উত্তর কোরিয়া ঘোষণা দেয়, রকেট উৎক্ষেপণের মাধ্যমে তারা দেশটির প্রতিষ্ঠাতা মহান নেতা কিম ইল-সাংয়ের ১০০তম জন্মবার্ষিকী উদ্যাপন করবে। ২০০৯ সালের এপ্রিল মাসেও উত্তর কোরিয়া একই ধরনের রকেট উৎক্ষেপণ করেছিল। সেই রকেটটি উৎক্ষেপণ করেছিল জাপানের ওপর দিয়ে। বিশেষ করে এ কারণেই জাপান উদ্বিগ্ন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী তানাকা বলেন, ‘প্যাক-৩ ও এজিস যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’প্রকাশিত খবরে বলা হয়েছে, জাপানের জন্য হুমকি সৃষ্টিকারী রকেট গুলি করে ভূপাতিত করার লক্ষ্যে ওকিনাওয়া দ্বীপের কাছে ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হবে। এ ছাড়া উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের পরিকল্পনার নিন্দা জানিয়ে জাপানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে।এ ছাড়া দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের ঘোষণাকে তারা উসকানি হিসেবে দেখছে। এটা কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ায় শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করেছে।দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া এ পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে থাকলে তার পাল্টা কী ব্যবস্থা নেওয়া যায়, তা নির্ধারণ করতে দক্ষিণ কোরিয়া ও জাপানের পরমাণুবিষয়ক কূটনীতিকেরা সিউলে বৈঠক করেছেন।এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝাং ঝিজুন পিয়ংইয়ংয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে বেইজিংয়ের ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উত্তর কোরিয়ার ঘোষণাকে ‘উচ্চমাত্রার উসকানি’ হিসেবে আখ্যা দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বলেছেন, যেকোনো ধরনের উৎক্ষেপণ দাতাগোষ্ঠীদের নিরুৎসাহিত করবে। বিবিসি।