উত্তর কোরিয়ার সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাব লি মিউংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে তাঁর দেশের একীভূত হওয়ার প্রস্তাব দিয়েছেন। সেই সঙ্গে এ জন্য প্রয়োজনীয় বরাদ্দের ওপর উভয় দেশের সম্মতিতে একটি নির্দিষ্ট কর আরোপের পরামর্শ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম গতকাল রোববার এ কথা জানিয়েছে। জাপানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে এক বক্তৃতায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক বলেন, আন্তকোরিয়ার সম্পর্ক এখন একটি নতুন মাত্রা দাবি করে। বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে এ কথা বলা হয়। লি বলেন, দুটি দেশের উচিত একটি ‘শান্তি সম্প্রদায়’ গড়ে তুলে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ওপর গুরুত্বারোপ করা এবং দেশটির অর্থনীতি গঠনে সহায়তা করা। তিনি বলেন, ‘এখন উভয় পক্ষের মধ্যে সংঘাতের পরিবর্তে সহাবস্থান এবং অচলাবস্থার পরিবর্তে অগ্রগতি অপরিহার্য হয়ে পড়েছে। আমাদের উভয় দেশের উচিত, বর্তমান রাষ্ট্রীয় বিভাজনরেখা দূর করে শান্তিপূর্ণ একত্রীকরণের দিকে এগিয়ে যাওয়া।’ দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে পরাজিত হয় প্রেসিডেন্ট লি মিউং বাকের গ্র্যান্ড ন্যাশনাল পার্টি। এই পরাজয়কে বিশ্লেষকেরা দক্ষিণ কোরিয়ার চেওনান যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার বিষয়টি মোকাবিলায় লি মিউং বাকের ভূমিকার বিরুদ্ধে গণরায় হিসেবে দেখছেন। সিএনএন।