উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীতে অবস্থান সুদৃঢ় করেছেন উন
কাজের অভিজ্ঞতা কম থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও সশস্ত্র বাহিনীতে নতুন নেতা কিম জং-উন তাঁর অবস্থান সুদৃঢ় করেছেন। বিশ্লেষকেরা গতকাল বুধবার এ মন্তব্য করেছেন।বিশ্লেষকদের মতে, কিম জং-ইলের মৃত্যুর পর ছেলে কিম জং-উনের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার কাজ সুচারুরূপে শেষ করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার অভিজাত সম্প্রদায়ের মধ্যে এক ও অভিন্ন স্বার্থ কাজ করেছে। তারা নতুন নেতৃত্বের পথে সম্ভাব্য প্রতিবন্ধকতা দূরীকরণে একজোট হয়ে কাজ করেছে।নতুন নেতা কিম জং-উন এখন পারমাণবিক শক্তিধর দেশটির অলংকারিক প্রধান (ফিগারহেড) হিসেবে থাকবেন, নাকি নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবেন, তা দেখার জন্য চেয়ে আছে বিশ্ব।দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সেজং ইনস্টিটিউটের থিংক-ট্যাংক পাইক হাক-সুনের মতে, যেহেতু জং-উন তাঁর বাবার উত্তরসূরি হচ্ছেন বলে গত বছরের সেপ্টেম্বরেই ইঙ্গিত পাওয়া যায়, সেহেতু এরই মধ্যে তিনি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোয় তাঁর অবস্থান দৃঢ় করেছেন।কিম জং-উনের বয়স মাত্র ২০ বছর। গত বছরের সেপ্টেম্বরে তাঁকে সামরিক বাহিনী ও ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়। সেই ঘটনাই পরিষ্কার করে দেয়, বাবা কিম ইল-সংয়ের মৃত্যুর পর ১৯৯৪ সালে দেশের নেতৃত্বের দায়িত্ব নেওয়া কিম জং-ইলের পর উনই তৃতীয় প্রজন্মের উত্তরাধিকারী নির্বাচিত হবেন।১৭ ডিসেম্বর কিম জং-ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব হতে পারে বলে আশঙ্কা করা হয়। বিশ্লেষকদের ভাষ্য, ছেলে উনকে উত্তরাধিকারী নির্বাচন করে রেখে যেতে তিনি ২০০৯ সাল থেকেই সতর্কভাবে নানা ব্যবস্থা নিয়েছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে গত সোমবার কিম জং-ইলের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এর কয়েক ঘণ্টা আগে নতুন নেতা উন সামরিক বাহিনীর উদ্দেশে তাঁর প্রথম আদেশ জারি করেন। জেনারেল কিম জং-উনের নামে জারি করা ওই আদেশে সব সেনাকে সামরিক কুচকাওয়াজ বন্ধ করে ব্যারাকে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয় বলে উত্তর কোরিয়ার একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ-এর খবরে জানানো হয়। এই আদেশ সেনাবাহিনীর ওপর উনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।সেজং ইনস্টিটিউটের আরেক বিশ্লেষক শেয়ং সেয়ং-চাংয়ের মতে, এটা প্রশ্নাতীত যে উনের প্রতি সেনাবাহিনীর একনিষ্ঠ সমর্থন রয়েছে।সিউলের চাং-অ্যাং বিশ্ববিদ্যালয়ের গবেষক কিম তায়ে-হায়ুন জানান, সামরিক বাহিনী ও দলে উন, চাচা জাং সং-থায়েকসহ তাঁর অন্য সমর্থকদের স্পষ্ট নিয়ন্ত্রণ রয়েছে।সিউলের ডংগাক বিশ্ববিদ্যালয়ের গবেষক কিম ইয়ং-হায়ুনের মতে, উন তাঁর বাবার মতো কারিশম্যাটিক ও কর্তৃত্বের অধিকারী নন। এ জন্য অবস্থান দৃঢ় করতে তাঁকে আরও বেশি মনোযোগী হতে হবে। এএফপি।