উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও দক্ষিণের সামরিক মহড়া
উত্তর কোরিয়ার হুমকি সত্ত্বেও বিতর্কিত সমুদ্রসীমার কাছে দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালিয়েছে। গতকাল সোমবার দুই ঘণ্টার এই মহড়াকে উত্তর কোরিয়া ‘পূর্বপরিকল্পিত সামরিক উসকানি’ হিসেবে আখ্যায়িত করেছে।এর আগে গত রোববার উত্তর কোরিয়া হুমকি দিয়েছিল, মহড়া চলাকালে পীতসাগরে দুই দেশের মধ্যে বিতর্কিত জলসীমা লঙ্ঘন করলে আশপাশের দ্বীপগুলোতে তারা হামলা চালাবে। অবশ্য গতকাল ওই মহড়ার পর উত্তর কোরিয়া কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি।পীতসাগরের এমন এলাকায় ওই সামরিক মহড়া চলে, যেখানে ২০১০ সালে উত্তর কোরিয়ার কামানের গোলায় চারজন দক্ষিণ কোরীয় নাগরিক নিহত হন। এর মধ্যে দুজন সামরিক ও দুজন বেসামরিক লোক। গত নভেম্বরে ইয়নপিয়ং দ্বীপে এই হামলা চালানো হয়। কোরীয় উপদ্বীপের পশ্চিমে বিতর্কিত জলসীমার কাছে দ্বীপটির অবস্থান। একই বছর মার্চে দক্ষিণ কোরীয় এক জাহাজডুবির ঘটনায় ৪৬ জনের প্রাণহানি ঘটে। বায়েংনাইওং নামে আরেকটি দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। ইয়নপিয়ং দ্বীপে হামলার দায় স্বীকার করেছে উত্তর কোরিয়া। তারা বলেছে, দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া তাদের এ হামলা চালাতে বাধ্য করেছে। তবে জাহাজডুবির ঘটনায় জড়িত থাকার কথা তারা অস্বীকার করেছে। বিবিসি ও এএফপি।