উত্তর কোরিয়ার ৪ শতাংশ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এ ছাড়া দেশটির পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৮ শতাংশ শিশু দীর্ঘদিন ধরে অপুষ্টির শিকার। জাতিসংঘের একজন কর্মকর্তা এসব কথা জানান।পুষ্টিসংক্রান্ত জাতিসংঘের ২০১২ সালের এক জরিপ প্রতিবেদনের তথ্য তুলে ধরে উত্তর কোরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ডিজিরি জংসমা গত শুক্রবার বলেন, দেশটিতে শিশু ও মাতৃমৃত্যু হারের অন্যতম দুটি কারণ রক্তশূন্যতা ও পুষ্টিহীনতা।জংসমা আরও বলেন, দেশটির লাখ লাখ লোক বিদেশি খাদ্য-সহায়তার ওপর নির্ভরশীল। দেশটির দুই কোটি ৪০ লাখ জনসংখ্যার দুই-তৃতীয়াংশ দীর্ঘদিন ধরে খাদ্য-নিরাপত্তাহীনতায় ভুগছে। তবে, সময়মতো খাদ্য আমদানির কারণে চলতি বছর সংকট অনেকটাই কম। গত ১২ মাসে দেশটিতে মানবিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জনগণের মৌলিক ঝুঁকি রয়ে গেছে।জংসমা আরও বলেন, উত্তর কোরিয়ার স্বাস্থ্যসেবা সরবরাহ জনগণের মৌলিক চাহিদা মেটাতে অসমর্থ। এ ছাড়া দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান দ্রুতই খারাপ হচ্ছে। তিনি আরও বলেন, জাতিসংঘ এসব সমস্যা মোকাবিলায় অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় তহবিল না থাকায় সার্বিক মানবিক চাহিদা মেটানো জাতিসংঘের পক্ষে সম্ভব নয়। এএফপি।