উত্তর কোরিয়ায় আবার শুরু দক্ষিণ কোরিয়ার সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া থেকে ত্রাণবাহী ১২টি ট্রাক গতকাল মঙ্গলবার সীমান্তপথে উত্তর কোরিয়ায় পৌঁছেছে। একই দিনে উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কূটনীতিক পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। প্রায় ৩০০ টন ময়দা নিয়ে ট্রাকগুলো গতকাল সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ার সারিওন শহরের উদ্দেশে যাত্রা শুরু করে। এর আগে সিউলভিত্তিক কোরিয়ার পুনরেকত্রীকরণ ও সহযোগিতা পরিষদের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল সীমান্তবর্তী ইমজিংয়াক পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দেয়। পরিষদের প্রধান কিম দিয়ং-রিয়ং সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি, এই মানবিক সাহায্য দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে।’কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, সিউল সরকারের অনুমতি পেলে তারা আগস্টের মধ্যে দুই হাজার ৫০০ টন ময়দা পাঠাবে।বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করছি, আন্তকোরীয় সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে এ ত্রাণ সহায়তা ইতিবাচক ভূমিকা রাখবে।’সম্পর্কের অবনতির জের ধরে সিউল সরকার ২০০৮ সালে দারিদ্র্যপীড়িত উত্তর কোরিয়ায় বার্ষিক চার লাখ টন চাল সরবরাহ বন্ধ করে দেয়। এর পরও বেসরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত ছিল। তবে সীমান্তে উত্তর কোরিয়ার সেনাদের ছোড়া গোলার আঘাতে বেসামরিক লোকসহ দক্ষিণ কোরিয়ার চারজনের মৃত্যুর পর গত বছর সেটিও বন্ধ হয়ে যায়।এক দশক ধরে দুই কোরিয়ার সম্পর্ক চরম তিক্ত পর্যায়ে রয়েছে। তবে চলতি সপ্তাহে বেসরকারি ত্রাণ সহায়তা হিসেবে উত্তর কোরিয়ায় প্রায় ৪০০ টনের মতো ময়দা পাঠাতে অনুমতি দেয় দক্ষিণ কোরিয়া। পররাষ্ট্রমন্ত্রী কিম সাং-হান গত সোমবার বলেন, গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন চলাকালে দুই কোরিয়ার শীর্ষ পারমাণবিক দূতদের অপ্রত্যাশিত বৈঠক সম্পর্ক উন্নয়নের দ্বার খুলে দিয়েছে। ১৯৯০ সালে খাদ্যাভাবে উত্তর কোরিয়ায় হাজার হাজার লোক মারা যায়। চলতি বছর দেশটি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানায়। জাতিসংঘের মতে, দেশটির প্রায় ৬০ লাখ লোকের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন। এএফপি ও রয়টার্স।