উত্তর কোরিয়ায় বন্যায় ১৬৯ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০
উত্তর কোরিয়ায় গত কয়েক সপ্তাহে বন্যায় কমপক্ষে ১৬৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ৪০০ জন নিখোঁজ হয়েছে।গতকাল শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, এ বন্যায় দুই লাখ ১২ হাজার ২০০ জন গৃহহীন হয়েছে। ৬৫ হাজার ২৮০ হেক্টর (এক লাখ ৬১ হাজার ৩১০ একর) ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা প্রয়োজনীয় ত্রাণসহায়তা দেওয়ার জন্য বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। দুর্গত এলাকায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জরুরি খাদ্যসহায়তার একটি চালান পাঠাচ্ছে। জাতিসংঘের সংস্থাগুলো গত শরতে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের আগেই হিসাব দিয়েছিল যে দেশটিতে চলতি বছর আনুমানিক ৩০ লাখ লোকের খাদ্যসহায়তার প্রয়োজন হবে।বার্তা সংস্থাটি জানায়, বন্যায় আট হাজার ছয় শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং ৪৩ হাজার ৭৭০ বাড়িঘর প্লাবিত হয়েছে। এ ছাড়া এক হাজার চার শতাধিক স্কুল, হাসপাতাল ও কলকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।ডব্ল্লিউএফপি জানিয়েছে, বন্যায় দক্ষিণ পিয়ংগান প্রদেশের আঞ্জু ও সংচন এবং কাংওন প্রদেশের চোন্নাইয়ের মতো সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য জরুরি খাদ্যসহায়তা প্রয়োজন।সংস্থাটি জোর দিয়ে বলেছে, রোগ প্রতিরোধে হাজার হাজার পরিবারের জন্য জরুরি বিশুদ্ধ পানির প্রয়োজন।বন্যায় পানীয় জলের উৎসগুলো দূষিত হয়ে ডায়রিয়া দেখা দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।সরকারি হিসাবের বরাত দিয়ে ডব্ল্লিউএফপি আরও জানায়, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৫০ হাজার পরিবারের পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা অন্য সহায়তা প্রয়োজন।ইউনিসেফ এক কোটি পানি বিশুদ্ধকরণ বড়ি ও অন্য সামগ্রীর কার্যাদেশ দিয়েছে। এ ছাড়া ওষুধপথ্য ও আইভি ফ্লুইডসেরও প্রয়োজন রয়েছে। এএফপি।