উত্তর কোরিয়ায় মার্কিন নাগরিকের কারাদণ্ড

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ তথ্য জানানো হয়।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম কিম দং-চুল। দক্ষিণ কোরিয়ায় জন্ম নেওয়া এই মার্কিন নাগরিক গত বছরের অক্টোবরে গ্রেপ্তার হন।
গত মাসে পিয়ংইয়ংয়ে সাংবাদিকদের সামনে হাজির হয়ে স্বীকারোক্তি দেন কিম। তিনি বলেন, চরবৃত্তি করতে তাঁকে অর্থ দিয়েছে দক্ষিণ কোরিয়া।
অবশ্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা বিদেশি বন্দীদের দিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করে থাকে।
উত্তর কোরিয়ার ভাষ্য, দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গ্রেপ্তার হওয়ার সময় কিমের কাছে সামরিক ও পারমাণবিক গোপন তথ্য পাওয়া যায়।
৬২ বছর বয়সী কিম যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকতেন। মার্কিন গোয়েন্দারা তাঁকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে বলা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, কূটনৈতিক খেলায় মার্কিন নাগরিকদের ব্যবহার করছে পিয়ংইয়ং।
যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ায় মার্চে এক মার্কিন শিক্ষার্থীর ১৫ বছরের কারাদণ্ড হয়। তাঁর বিরুদ্ধে প্রচারণার সংকেত চুরির চেষ্টা ও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়।