উত্তর প্রদেশ চার ভাগ হচ্ছে বিধান সভায় প্রস্তাব পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্য চারটি অংশে ভাগ করার একটি প্রস্তাব গতকাল সোমবার রাজ্যের বিধানসভায় অনুমোদিত হয়েছে। প্রস্তাবটি কণ্ঠভোটে অনুমোদিত হয়। রাজ্য ভাগ করার প্রস্তাব অনুমোদনের পর বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়। এর আগে গতকাল সকালের দিকে অনাস্থা আনার পদক্ষেপ ও রাজ্য বিভক্তির বিষয়টি নিয়ে সমাজবাদী পার্টি (এসপি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কংগ্রেসের বিধায়কেরা তুমুল হট্টগোল শুরু করলে অধিবেশন এক ঘণ্টার জন্য মুলতবি হয়ে যায়। অধিবেশনের শুরুতে মুখ্যমন্ত্রী মায়াবতী বিধানসভায় উপস্থিত ছিলেন না। বর্তমান বিধানসভার এটাই শেষ অধিবেশন। ২০১২ সালের মার্চ-এপ্রিলে রাজ্য বিধানসভার পরবর্তী নির্বাচন হবে। অধিবেশন শুরু হতেই সমাজবাদী পার্টি অনাস্থার বিষয়ে একটি নোটিশ দিয়ে দাবি করে, সব কয়টি বিরোধী দলের সমর্থন তাদের রয়েছে। রয়েছে ক্ষমতাসীন বহুজন সমাজ পার্টির (বিএসপি) ৭০ জন বিধায়কের। এদিকে বিজেপিও অনাস্থার বিষয়ে একটি নোটিশ দেয়। বিরোধী দল শিগগিরই অনাস্থাবিষয়ক পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। আরও দাবি জানায় এ ব্যাপারে অবিলম্বে ভোট নেওয়ার। স্পিকার সুখদেব রাজভাড় বিরোধী দলকে আশ্বস্ত করেন, নিয়ম অনুযায়ী পরে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বিরোধী দলের বিধায়কেরা অধিবেশন মুলতবি করার দাবিতে প্রচণ্ড হট্টগোল শুরু করেন। ক্ষমতাসীন বিএসপি সরকার অনাস্থার পদক্ষেপ নেওয়ার পক্ষে ছিল। কিন্তু এতে রাজি হয়নি বিরোধী দল। তাদের দাবি, বিধানসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। কাজেই বিধানসভা পরিচালনার কোনো অধিকার নেই তাদের।এসপি দাবি করে, নিয়ম অনুযায়ী আলোচ্যসূচিতে থাকা সব বিষয়ের মধ্যে অনাস্থা পদক্ষেপের বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। এদিকে মায়াবতীর সরকারের দাবি, বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠা রয়েছে, যা আবার প্রমাণিত হবে। এসপি নেতা আজম খান বলেন, এই প্রস্তাবের বিরোধিতা করবেন তাঁরা। এসপির আরেক নেতা শিবপাল যাদবের দাবি, তাঁর দলের প্রতি সব বিরোধী দলের সমর্থন রয়েছে। রাষ্ট্রীয় লোক দল বলেছে, রাজ্য পুনর্গঠনের প্রস্তাবে সমর্থন জানালেও তারা এ ব্যাপারে ব্যক্তিগতভাবে বিল উত্থাপন করবে বলে জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।