উত্তর প্রদেশ সফরে গেলেন বিল গেটস ও রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের প্রধান বিল গেটস এবং ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী গতকাল মঙ্গলবার উত্তর প্রদেশের দুটি জেলা সফর করেছেন। ভারতের উত্তরাঞ্চলীয় এ রাজ্যের রায় বেরিলি ও সুলতানপুর জেলার সামাজিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার জন্য তাঁরা এ সফরে যান। সামাজিক উন্নয়নে ভূমিকা পালনকারী তৃণমূল পর্যায়ের নারীকর্মীদের সঙ্গে তাঁরা কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। রায় বেরিলি হলো কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নির্বাচনী এলাকা এবং সুলতানপুর হলো রাহুল গান্ধীর। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিল গেটস ও রাহুল গতকাল সকালে নয়াদিল্লি থেকে সরকারি বিমানে করে রায় বেরিলি পৌঁছান। এরপর তাঁরা গাড়িতে করে রায় বেরিলির পৌর এলাকা জয়শে যান। সেখানে তাঁরা রাজিব গান্ধী উইমেনস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এ প্রতিষ্ঠানটি দাতব্য সংস্থা রাজিব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনা করছে। গেটস ও রাহুল প্রতিষ্ঠানটির ৩০০ নারীকর্মীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় অন্যান্য বেসরকারি সংস্থার নারীকর্মীরাও উপস্থিত ছিলেন। রাজিব গান্ধী সেন্টারে পৌঁছার পর গেটস ও রাহুল গাড়িতে করে সেন্টারের মূল ফটক দিয়ে ভেতরে যান। অবশ্য তাঁদের সফরসঙ্গীরা হেঁটে সেন্টারে যান। এ সময় শতাধিক পুলিশ সদস্য পুরো এলাকায় মোতায়েন ছিল। গেটস ও রাহুলের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা সব সময় তাঁদের বেষ্টন করে ছিলেন। সংবাদকর্মীদের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। এমনকি কংগ্রেসের নেতা-কর্মীদেরও না। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির এ সফরের ব্যাপারে ভারত সরকার খুবই গোপনীয়তা রক্ষা করেছে। রাজ্য কংগ্রেসের প্রধান রিতা বাহুগুনা জোশি পর্যন্ত এ সফরের ব্যাপারে কিছুই জানতেন না। তিনি জেনেছেন গণমাধ্যমের মাধ্যমে। রায় বেরিলি সফর শেষে গেটসকে নিয়ে রাহুল যান তাঁর নির্বাচনী এলাকা সুলতানপুর জেলার আমেথিতে। সেখানে তাঁরা রাজিব গান্ধী ট্রাস্ট পরিচালিত আরেকটি প্রতিষ্ঠানের নারীকর্মীদের সঙ্গে সাক্ষাত্ করেন। তাঁরা ট্রাস্টের পরিচালনায় একটি স্বাস্থ্যকেন্দ্রও পরিদর্শন করেন। আমেথি সফর শেষে বিকেলে গেটস ও রাহুল বিমানযোগে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে রাহুলের অল্প কয়েকজন সফরসঙ্গী কংগ্রেসের এক কর্মীর বাড়িতে যান। সম্প্রতি কংগ্রেসের ওই কর্মী প্রতিপক্ষের হাতে খুন হন।ধারণা করা হচ্ছে, ভারতে গ্রামীণ পর্যায়ে নারীসমাজের উন্নয়নে রাজিব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে ভবিষ্যতে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কাজ করতে আগ্রহী। এ উদ্দেশ্যেই গেটস এ সফরে আসেন। গেটসের এ সফরের এক মাস আগে তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসও উত্তর প্রদেশ সফর করেন। সে সময় তিনি মুখ্যমন্ত্রী মায়াবতীর সঙ্গেও দেখা করেন। মেলিন্ডা ভারতের স্বাস্থ্য খাতে ২৫০ কোটি রুপি সহায়তার আশ্বাস দেন।