উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে আশানুরূপ সাফল্য পেতে ব্যর্থ হচ্ছে ক্ষমতাসীন দল কংগ্রেস। সেখানে বিজয়ের মুকুট পরতে পারে সমাজবাদী পার্টি। অন্য চারটি রাজ্যের মধ্যে তিনটিতে কংগ্রেস ও একটিতে বিজেপি বিজয়ী হতে পারে। গতকাল রোববার প্রকাশিত বেশ কয়েকটি সমীক্ষায় এ আভাস দেওয়া হয়েছে।সম্প্রতি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়া এই পাঁচ রাজ্য হচ্ছে: উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, মণিপুর ও গোয়া। নির্বাচনের ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে। জনসংখ্যার দিক থেকে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশের বিধানসভার আসনসংখ্যা ৪০৩টি। বর্তমানে সেখানে ক্ষমতায় রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সমীক্ষা বলছে, এবার ক্ষমতা হারাতে চলেছেন মায়াবতী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি (এসপি)। কংগ্রেস সেখানে ক্ষমতায় যেতে না পারলেও আসনসংখ্যা গত নির্বাচনের চেয়ে বেড়ে তিন গুণ হতে পারে। রাহুল গান্ধীর ক্যারিশমার ওপর নির্ভর করে সেখানে কমপক্ষে ১০০ আসন পাওয়ার আশায় বুক বাঁধে কংগ্রেস। উত্তর প্রদেশে মায়াবতীর ‘দুর্নীতিগ্রস্ত’ সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালান রাহুল গান্ধী।সিএনএন-আইবিএন ও হেডলাইনস টুডের সমীক্ষায় বলা হয়েছে, উত্তর প্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে মুলায়ম সিং যাদবের এসপি। হেডলাইনস টুডে বুথফেরত ভোটারদের ওপর জরিপ চালিয়ে বলেছে, এসপি ১৯৫-২১০, বিএসপি ৮৮-৯৮, বিজেপি ৫০-৫৬ ও কংগ্রেস-আরএলডি ৩৮-৪২ আসন পেতে পারে। সিএনএন-আইবিএন বলেছে, এসপি মোট ভোটের ৩৭ শতাংশ নিজের ঝুলিতে তুলে নিচ্ছে।স্টার নিউজ-নিয়েলসনের সমীক্ষায় বলা হয়েছে, উত্তর প্রদেশে এসপি পেতে পারে ১৮৩, বিএসপি ৮৩, বিজেপি ৭১ এবং কংগ্রেস ও তার জোটের সহযোগী রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) পেতে পারে ৬২টি আসন। আর ইন্ডিয়া টিভি বলেছে, এসপি ১৩৭-১৪৫, বিএসপি ১২২-১৩০, বিজেপি ৭৯-৮৭ ও কংগ্রেস ৩৯-৫৫টি আসন পেতে পারে।অন্য চারটি প্রদেশের ব্যাপারে সমীক্ষায় বলা হয়েছে, পাঞ্জাব, উত্তরাখন্ড ও মণিপুর রাজ্যে কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি। আর গোয়ায় ক্ষমতাসীন কংগ্রেসকে পেছনে ফেলে দিতে পারে বিজেপি।ইন্ডিয়া টিভির সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, গোয়ায় বিজেপি ২০টি ও কংগ্রেস ১৭টি আসন লাভ করতে পারে। একই চ্যানেলের জরিপে পাঞ্জাবের ব্যাপারে বলা হয়েছে, সেখানে কংগ্রেস ৬৫টি ও আকালি-বিজেপি জোট ৪৭টি আসনে বিজয়ী হতে পারে। পাঞ্জাবে বর্তমানে ক্ষমতাসীন রয়েছে আকালি-বিজেপি জোট।নিউজ ২৪ চ্যানেলের সমীক্ষায় বলা হয়েছে, উত্তরাখন্ডে এবার ক্ষমতা হারাতে পারে বিজেপি। তারা ২৮টি আসন পেতে পারে। আর কংগ্রেসের ৩০ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যরা পেতে পারে ১২টি আসন। একই চ্যানেলের সমীক্ষায় মণিপুর রাজ্যে কংগ্রেস বিজয়ী হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। সেখানে কংগ্রেস ২৫টি, এনসিপি ১০টি ও তৃণমূল কংগ্রেস নয়টি আসন পেতে পারে।সর্বশেষ ২০০৭ সালের নির্বাচনে জয়ী হয়ে উত্তর প্রদেশে সরকার গঠন করেছিলেন বহুজন সমাজপার্টির নেত্রী মায়াবতী। এ ছাড়া পাঞ্জাবে আকালি-বিজেপি জোট, গোয়া ও মণিপুরে কংগ্রেস এবং উত্তরাখন্ডে বিজেপি সরকার গঠন করেছিল।