উত্তর প্রদেশে আসন ঠিক হয়নি মোদির
ভারতে দিল্লি দখলে উত্তর প্রদেশ এবং বিহারের ওপর বাজি ধরলেও নির্বাচনি টিকিট বণ্টনের ক্ষেত্রে এ দুই রাজ্য বিজেপি ও নরেন্দ্র মোদিকে এখনো বেশ চিন্তায় রেখেছে। বারানসী আসন ছাড়া নিয়ে প্রবীণ মুরলি মনোহর জোশির ক্ষোভের পর লক্ষৌ নিয়ে লালজি ট্যান্ডন ও কানপুর নিয়ে কলরাজ মিশ্র তাঁদের আপত্তির কথা প্রকাশ্যে জানিয়েছেন। এর ফলে গুজরাটের বাইরে উত্তর প্রদেশের কোন আসন থেকে মোদি লড়বেন, তা নিশ্চিত করা কঠিন হয়ে যাচ্ছে। তেমনই কঠিন হচ্ছে দলের সভাপতি রাজনাথ সিংয়ের কেন্দ্র বদলের বিষয়টিও নিশ্চিত করা।
নীতিগতভাবে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে দলকে চাঙা করতে মোদি গুজরাটের বাইরে উত্তর প্রদেশ থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুটি কেন্দ্র সে জন্য প্রাথমিকভাবে পছন্দ করা হয়েছে—বারানসী ও লক্ষৌ। বারানসীকে পছন্দ করার কারণ এটি হিন্দুদের কাছে এক পবিত্র শহর। মোদি এখান থেকে দাঁড়ালে তাঁকে ঘিরে হিন্দুত্বের যে হাওয়া সংঘ পরিবার বইয়ে দিতে চায়, তা সফলভাবে করা যাবে। ধর্মান্ধ হিন্দুদের জন্য একটা অন্য ধরনের বার্তা পাঠানো যাবে। লক্ষৌকে বাছার কারণ অটল বিহারী বাজপেয়ি সেখান থেকে জিতেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু প্রতিদিন নতুন ধরনের বিতর্ক বিজেপিতে মাথাচাড়া দিচ্ছে। আগামী বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের আগে এই বিষয়ে সহমতে পৌঁছানো যাবে কি না, এখনো তা নিশ্চিত নয়।
বারানসী থেকে এর আগে নির্বাচিত হয়েছেন মুরলী মনোহর জোশি। মোদির জন্য তাঁকে কানপুরে সরে যেতে বলা হয়েছে। তিন দিন আগে দলীয় বৈঠকে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করার পর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ জোশির সঙ্গে কথা বলে। জোশি কিছুটা নরম হলেও বিতর্ক দেখা দিয়েছে অন্যত্র। উত্তর প্রদেশের প্রথম সারির নেতা রাজ্যসভার সদস্য কলরাজ মিশ্র আজ সোমবার কানপুরে নিজের দাবি জানিয়ে রেখেছেন। বলেছেন, রাজ্য নেতৃত্ব তাঁকে কানপুর থেকে লড়াইয়ের জন্য পছন্দ করেছে এবং তিনি সে জন্য প্রস্তুত। পাশাপাশি লক্ষৌ থেকে নির্বাচিত লালজি ট্যান্ডন একমাত্র মোদি ছাড়া অন্য কারও জন্য কেন্দ্রটি ছাড়তে রাজি নন। বিজেপির সভাপতি রাজনাথ সিং নির্বাচিত হয়েছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদ কেন্দ্র থেকে যা দিল্লির লাগোয়া এবং যেখানে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ও সদর দপ্তর। ফলে রাজনাথ ভীত ও অনিশ্চিত। কেন্দ্র পাল্টাতে তাই তিনি এত আগ্রহী।
নির্বাচনে দল ও কেন্দ্র বদলই আকর্ষণ
নির্বাচনের এই সময়টায় দল ও কেন্দ্র বদলের খেলাই প্রধান আকর্ষণ। কংগ্রেসের নেতাদের মধ্যেও সেই চেষ্টা অব্যাহত। যেমন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীশ তিওয়ারি আজ বলেছেন, দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে তাঁদের স্ত্রীদেরও টিকিট দেওয়া উচিত নয়। কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির নায়ক সুরেশ কালমাডি, সাবেক রেলমন্ত্রী পবন বনসল ও মুম্বাইয়ের আদর্শ গৃহ কেলেঙ্কারিতে জড়িত মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী অশোক চৌহানদের স্ত্রীদের টিকিট দেওয়ার একটা চেষ্টা কংগ্রেসে চলছে। মনীশ তারই বিরোধিতা করলেন। মনীশ পাঞ্জাবের লুধিয়ানা থেকে জিতেছিলেন। এবার তাঁর অবস্থা খুবই নড়বড়ে বলে আসতে চান চন্ডীগড় কেন্দ্রে। এ কারণেই বনসল বা তাঁর স্ত্রীর বিরোধিতা।
দল বদলের ঘটনা সোমবার ঘটল নিঃসাড়ে। সমাজবাদী পার্টির সাবেক নেতা অমর সিং ও তাঁর সঙ্গী অভিনেত্রী জয়া প্রদা আজ যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দলে (আরএলডি)। জয়াকে দলে নিতে কংগ্রেস রাজি ছিল। কিন্তু অমরকে নয়। আরএলডি অবশ্য কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর শরিক।