ভারতের ক্ষমতাসীন জোট ইউপিএর প্রধান শরিক দল কংগ্রেস পার্টির সাধারণসম্পাদক রাহুল গান্ধী অভিযোগ করেছেন, উত্তর প্রদেশ রাজ্যে পুলিশ কৃষকদের হত্যা করছে। স্থানীয় নারীদের ধর্ষণ করছে। তাঁর এমন অভিযোগের পর দেশজুড়ে হইচই শুরু হয়েছে।উত্তর প্রদেশ রাজ্যে ক্ষমতাসীন বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তোলা হচ্ছে।গত সোমবার রাতে উত্তর প্রদেশের কয়েকজন গ্রামবাসীকে নিয়ে রাহুলগান্ধী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন। বৈঠকের পর রাহুল অভিযোগ করেন, বৃহত্তর নয়ডার কাছে ভট্ট প্রসুল গ্রামের বিভিন্ন এলাকায় জঘন্য নৃশংসতা চালানো হয়েছে। তিনি ওই এলাকায় ছাইয়ের স্তূপ এবং এর ভেতরে মরদেহ দেখতে পেয়েছেন। রাহুল বলেন, ‘গ্রামের প্রতিটি মানুষ এই বিষয়টি জানে। আমরা এর ছবিও দেখাতে পারব। সেখানে নারীদের ধর্ষণ করা হয়েছে, গ্রামবাসীকে বেধড়ক পেটানো হয়েছে। অনেক ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে।’রাহুলের কার্যালয় থেকে গ্রামবাসীর বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহতদের ছবি প্রকাশ করা হয়েছে। তবে ছবিতে মরদেহের সংখ্যা স্পষ্টভাবে বোঝা যায়নি। রাহুলও নিহতের সংখ্যা উল্লেখ করেননি।এরই মধ্যে ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল গ্রামগুলো পরিদর্শন করে পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। ভারতের লক্ষ্নৌতে বিবিসির সাংবাদিক রাম দত্ত ত্রিপাঠী বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার প্রতিবাদে গত ৭ মে গ্রামগুলোতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ঠেকাতে পুলিশ পুরো অঞ্চল ঘিরে ফেলে। স্থানীয়দের দাবি, এখনো অনেক গ্রামবাসী নিখোঁজ রয়েছে। বিক্ষোভে দুজন পুলিশ ও একজন কৃষক নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।স্থানীয় কৃষকেরা জানান, নয়াদিল্লি থেকে আগ্রা পর্যন্ত একটি মহাসড়ক তৈরি করার জন্য ওই অঞ্চলে জোর করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলে তাঁরা বিক্ষোভ করেন। এই বিক্ষোভে পুলিশ গুলি চালায় ও তাদের ওপর নির্যাতন শুরু করে। বৃহত্তর নয়ডার শিল্পোন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়নের জন্য ভূমি অধিগ্রহণের চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে। এটাও সেই বিক্ষোভের অংশ। ওই অঞ্চলের শতকরা ৬৫ ভাগ মানুষ কৃষিজীবী। তাই জমি অধিগ্রহণের বিষয়টি তাদের কাছে স্পর্শকাতর বিষয়। তবে আইন অনুযায়ী সরকারি কাজের জন্য সরকার যেকোনো ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে।উত্তর প্রদেশ সরকার বলছে, রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও কৃষকেরা তা না মেনে বিক্ষোভ শুরু করে। পুলিশের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্য সরকার বলছে, বিএসপিকে হেয় করার জন্য এসব অভিযোগ তোলা হয়েছে।প্রসঙ্গত, উত্তর প্রদেশের কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্ম হতে ১০ মে সেখানে যান রাহুল। তিনি কৃষকদের সঙ্গে তাঁদের ধরনায় (অবস্থান কর্মসূচি) অংশ নেন। ওই দিন রাতে রাজ্য পুলিশ রাহুলকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। বিবিসি।